ডমিঙ্গোকে সহযোগিতার আশ্বাস আকরামের

বাংলাদেশ জাতীয় দলের কোচ, কোচিং স্টাফের সদস্যরা মূলত বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত হন। এই বিভাগের প্রতি অনুগত থাকতে বলায় কয়েক বছর আগে বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের প্রতি চটেছিলেন ওই সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সরাসরি বিসিবি সভাপতির দপ্তরে যেতে অভ্যস্ত হাথুরুসিংহের কারণে আপোষহীন চরিত্র দুর্জয়কে সরাতে হয় ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে।তখন এই বিভাগের দায়িত্বে আনা হয় আকরাম খানকে।

তারপর থেকে অপারেশন্স চেয়ারম্যান্স হিসেবেই কাজ করছেন আকরাম। স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশের কোচিং লাইনে নতুন সদস্য যোগ হয়েছে। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে ফেরা সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন ও গতকালই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়া টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে মিটিং করেছেন আকরাম।

মিটিংয়ে জাতীয় দলের সম্ভাব্য সামনের সিরিজগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। নতুন হেড কোচ রাসেল ডমিঙ্গোকে পূর্ণ সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন আকরাম। তার মতে, সহযোগিতা পেলে ডমিঙ্গোর হাত ধরে দেশের ক্রিকেটের মান আরও উন্নত হবে।

গতকাল মিরপুর স্টেডিয়ামে মিটিংয়ের পর নতুন কোচের ইতিবাচক দিক সম্পর্কে আকরাম খান সাংবাদিকদের বলেছেন, ‘ওর (ডমিঙ্গো) চিন্তাভাবনা বেশ ভালো। সে একজন পেশাদার কোচ। তার যে চিন্তাধারা আছে, তার অনেক লম্বা অভিজ্ঞতা আছে। খেলোয়াড় হিসেবে, নির্বাচক হিসেবে এবং বোর্ড পরিচালক হিসেবে অনেকগুলো কোচের সঙ্গে আমার কথা হয়েছে এবং পরিচয় হয়েছে। তবে সে ভিন্ন এবং তার পরিকল্পনাটি অনেক ভালো। আমি আশা করছি যে ওকে যদি আমরা সাহায্য করতে পারি, আমাদের ক্রিকেট বোর্ড যদি সাহায্য করতে পারে তাহলে আমাদের ক্রিকেটের মান অনেক বাড়বে।’

কোচ-নির্বাচক-অধিনায়কের সঙ্গে মিটিংয়ের আলোচ্য বিষয় নিয়ে জানতে চাইলে আকরাম খান বলেছেন, ‘আমাদের একটাই আলোচনা ছিল যে বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে উন্নতি করানো যায়। হোম এবং অ্যাওয়ে দুই ক্ষেত্রেই। আমরা যেমন আগে শুধু হোমের ব্যাপারে চিন্তা করতাম এখন দুইদিকেই চিন্তা করতে হবে এবং এর জন্য কি করণীয় আছে, নির্বাচকের কি ভূমিকা থাকবে, অধিনায়কের কি চাহিদা থাকবে, আমি ওদেরকে কতটা সাহায্য করতে পারবো, সাপোর্ট করতে পারবো এসব কিছুই আলোচনা হয়েছে।’

আরও পড়ুনঃ টেকনাফে পুলিশ-রোহিঙ্গা গোলাগুলি, নিহত ২

গত কয়েক বছরে দেশের মাটিতে নিয়মিতই সাফল্য পাচ্ছে বাংলাদেশ। এবার দেশের বাইরেও ধারাবাহিক হওয়ার পরিকল্পনায় নজর দিতে চায় বিসিবি। গতকাল আকরাম খান বলেছেন, ‘সত্যি কথা বলতে আমাদের এমন কিছু জিনিস আছে হয়তোবা দেশে খেললে সেটা অনুভব করি না যে এই জিনিসটি গুরুত্বপূর্ণ। কিন্তু বাইরে গেলে কিন্তু আমাদের কাছে মনে হয় যে ঐ জিনিসটির গুরুত্ব অনেক বেশি। তাই আমরা যে পরিকল্পনাটি করেছি যে আমাদের হোম এবং অ্যাওয়ের শক্তি একই ধরণের হতে হবে। আমরা হোমে যেমন ভালো খেলি যেন বাইরেও তেমন ভালো খেলতে পারি।’

ইত্তেফাক/টিএস