বিরোধী বেশ কয়েকটি দলের একটি প্রতিনিধি নিয়ে শনিবার কাশ্মীর সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। তবে প্রশাসনের বাঁধায় শ্রীনগর বিমানবন্দর থেকেই ফিরতে হয়েছে তাদের। সেই যাত্রায় রাহুলের সঙ্গে এক নারীর কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে রাহুলের সামনে তাদের উদ্বেগের কথা জানিয়ে কেঁদে ফেলেন কাশ্মীরের এক নারী।
টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর তাদের কী দুর্দশা এবং কি পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে, সেই কথা শোনাচ্ছিলেন এক মধ্যবয়সী কাশ্মীরি নারী। রাহুলকে তিনি বলছেন, ‘আমার ছেলেমেয়েকে ঘর থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। আমার ভাই হৃদ রোগে আক্রান্ত। ১০ দিন ধরে তিনি ডাক্তার দেখাতে পারেননি। আমরা খুব বিপদে আছি।’
ভিডিওতেই দেখা যাচ্ছে, এই কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছেন ওই নারী। রাহুলকে দেখা যাচ্ছে তাকে সান্ত্বনা দিতে।
আরও পড়ুন : নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার, গ্রেফতার ১
শ্রীনগর বিমানবন্দরে রাহুলদের আটকে দেওয়ার পর সেখানকার পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তার একটিতে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাহুলকে বলতে শোনা যায়, ‘সরকার আমাকে আমন্ত্রণ জানিয়েছে। রাজ্যপাল বলছেন আমি আমন্ত্রিত। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি এসেছি, কিন্তু আপনারা বলছেন যেতে দেওয়া হবে না। আবার সরকার বলছে, সব কিছু স্বাভাবিক। সব যদি স্বাভাবিকই থাকে, তাহলে আমাদের যেতে দেওয়া হচ্ছে না কেন? এটা তো আশ্চর্যজনক।’
ইত্তেফাক/কেআই