ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কলেজ ছাত্র মো. সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. দিদারুল আলম, মো. মামুন মিয়া, মো. নাহিদ মিয়া ও মো. আনিসুর রহমান।
তাদের সবার বাড়ি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. মোহন মিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও মো. শ্যামল মিয়াকে দুই বছরের কারাদণ্ড এবং সন্দেহতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আড়াইসিধা ইউনিয়নের মাধুরপাড়া গ্রামের মো. সোহরাব মিয়ার কলেজ পড়ুয়া ছেলে সাইফুল ইসলামকে হত্যার পর স্থানীয় নতুন চকবাজার এলাকা একটি সেতুর পাশে ফেলে রাখা হয়।
হত্যাকাণ্ডের পরদিন ৪ ফেব্রুয়ারি নিহতের চাচা ও মো. সেলিম মিয়া বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার দুই আসামি মৃত্যুবরণ করায় ১৪ জনের বিরুদ্ধে মামলা চলমান থাকে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ মোল্লা ওই বছরের ৪ জুন ১৪ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বাদী মো. সেলিম মিয়া সাংবাদিকদের জানান, আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে বেকসুর খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার বিষয়ে রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে আগুন! পুড়ে গেছে কোটি টাকার আমদানীপণ্য
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) মো. নজরুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের জানান, বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমরা সন্তুষ্ট।
ইত্তেফাক/নূহু