এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি বাড়িতে ৩ লাখ টাকা জরিমানা

এডিস মশা নির্মূলের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন দুটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করেছে। ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বারিধারায় নির্মাণাধীন ‘নাভানা আজিজা প্লাজার প্রতিনিধিকে এক লাখ টাকা এবং ‘আপন রিয়েল এস্টেট লিমিটেড’ এর প্রতিনিধিকে ২ লাখ টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন। এডিস মশা নির্মূলে ডিএনসিসি’র চলমান ‘এডিস মশা ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ অর্থাৎ ‘চিরুনি অভিযান’ এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীরা আজ চিরুনি অভিযানের তৃতীয় দিনে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৪৬০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ২৪৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়। লার্ভা পাওয়া এ সব বাড়ি ও স্থাপনায় ‘এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়।

এছাড়া ৬ হাজার ৬৮৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান অথবা জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তরের উপযোগী এসব স্থান ধ্বংস করা হয়। প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলররা এ অভিযান সক্রিয়ভাবে তত্বাবধান করছেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে কর্মী নেবে জাপান

গত ২৫ আগস্ট থেকে ৩দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ৩১ হাজার ৯১৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ৮০৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এ ছাড়া ১৪ হাজার ৮১৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান অথবা জমে থাকা পানি পাওয়া যায়। বাসস

ইত্তেফাক/কেকে