বন্যার্তদের স্বাস্থ্যসেবায় হিমু পরিবহন

বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানে কুড়িগ্রামের উলিপুরে বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে হিমু পরিবহন গত ২৩ আগস্ট দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল। যেখানে বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ প্রদান করা হয় প্রায় ১৫ হাজারের বেশি মানুষকে।

এবারের বর্ষার মাঝামাঝিতে দেশের বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যাক্রান্ত হয়। যদিও এখন বন্যার পানি অনেক জায়গায় কমতে শুরু করেছে। কিন্তু বন্যার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে রোগব্যাধি। পানিবাহিত বিভিন্ন সংক্রামক রোগসহ নানা কারণে বন্যাপীড়িত মানুষদের মধ্যে দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয়, বিশেষ করে শিশুরা রয়েছে চরম ঝুঁকিতে। ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগসহ নানা ধরনের ব্যাধিতে তারা আক্রান্ত হচ্ছে। তাই তাদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল সংগঠনটি।

এ প্রসঙ্গে হিমু পরিবহনের সভাপতি আসলাম হোসেন বলেন, ‘হিমু পরিবহন হুমায়ূন আহমেদের ভক্তদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্ত মানবতার সেবায় সবসময়ই কাজ করে যাচ্ছি আমরা। তাই ষষ্ঠবারের মতো বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানে হিমু পরিবহন আয়োজন করেছিল এই মেডিকেল ক্যাম্পের। এবার কুড়িগ্রামের উলিপুর থানার সাহেবের আলগা ইউনিয়নের দুটি স্থানে ক্যাম্প করা হয়েছিল।’