রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে আল্লাহর দল (আল্লাহর সরকার) জঙ্গি সংগঠনের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে র্যাব-১, উত্তরার একটি দল তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে, তারা র্যাবের কাছে নিজেদের আল্লাহর দলের সদস্য বলে দাবি করেছেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম আল্লাহর দল সংগঠনটি গড়ে তোলেন। ২০০৪ সালের শেষের দিকে সংগঠনটি জেএমবির সঙ্গে একীভূত হয়। কিন্তু পরে মতিন মেহেদী জেএমবি ছেড়ে আবার আল্লাহর দল নিয়ে সক্রিয় হন।
র্যাব সূত্রে জানা যায়, এর আগে গত ১৮ ও ১৯ আগস্ট ঢাকার হাতিরঝিলের ঝিলপাড় এলাকায় অভিযান চালিয়ে একই সংগঠনের আরও ৪ জনকে আটক করেছিল র্যাব।-বাসস
ইত্তেফাক/আরকেজি