রানুকে ট্রোল করে বিতর্কে অভিনেতা, থানায় অভিযোগ দায়ের

রানাঘাটের রেল স্টেশন থেকে মুম্বাইয়ের স্টুডিও। রাতারাতি বদলে গিয়েছে রানু মণ্ডলের জীবন। হিমেশ রেশমিয়ার ডাকে বলিউড ছবিতে প্লে-ব্যাক করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। তার প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। কিন্তু প্রশংসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে মশকরাও কম হচ্ছে না। রানুকে মিমিক্রি করে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। যে কারণে ইতিমধ্যেই একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

তাকে নিয়ে ঠাট্টা-মশকরাও কম হচ্ছে না। একটি ভিডিওতে যেমন দেখা গেছে, এক ব্যক্তি মাথায় উইগ আর শাড়ি পরে রানু সেজে ‘তেরি মেরি কাহানী’ গানে ঠোঁট মেলাচ্ছেন।

জানা গিয়েছে, তিনি উড়িয়া ছবির অভিনেতা তত্ব প্রকাশ সতপতি। যিনি বেশি পরিচিত পাপু পমপম নামে। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। এমনকি ওড়িশার ছবির জগতের অনেকেও পাপুর এমন কাণ্ডকারখানার নিন্দা করেন। তার বিরুদ্ধে কটক জেলার এক থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। বিতর্ক থামাতে শেষমেশ ক্ষমা চান পাপু।

আরো পড়ুন: কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়ালো রাশিয়াও

তিনি বলেন, ‘আমি কেবলমাত্র একজন শিল্পী হিসেবে অন্য শিল্পীকে ভিডিওটি উপহার দিতে চেয়েছিলাম। এটাই উদ্দেশ্য ছিল। কিন্তু দেখলাম বিষয়টা বিতর্কে পরিণত হয়েছে। সবকিছুর খারাপ দিক খুঁজে বের করলে সমস্যা তো হবেই। মানুষ তো ঈশ্বরেও খুঁত বের করে। আমি তো একজন সাধারণ মানুষ মাত্র। আমার উদ্দেশ্য ইতিবাচকই ছিল। তবে কারও খারাপ লেগে থাকলে ক্ষমা চাইছি। তবে প্রত্যেককে বিষয়গুলোকে ভাল মনে নেওয়ার অনুরোধ জানাবো।’

এদিকে, অন্য একটি ভিডিওতে এক কিশোর শাড়ি গায়ে রানু সেজেছেন। টুপি মাথায় হিমেশ সেজে পাশে দাঁড়িয়ে আরেক কিশোর। সোশ্যাল মিডিয়ার সেনসেশনকে নিয়ে এমন ঠাট্টা নিয়েও নিন্দার ঝড় উঠেছে।

ইত্তেফাক/বিএএফ