নতুন পরিচয়ে তৃপ্তি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ তার শ্রুতিমধুর কণ্ঠ এবং সুরেলা গায়কীর জন্য শ্রোতা-দর্শকের কাছে এক ভিন্নমাত্রায় সমাদৃত। এবার এই গুণী সংগীতশিল্পী নিজের সংগীত ক্যারিয়ারে অন্যরকম এক উপাধিতে ভূষিত হলেন। প্রিয়াংকা এবার ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন। গত ২৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং ৩০ জুলাই সিন্ডিকেট সভায় ‘উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বৈচিত্র্য ও নান্দনিকতা’ শিরোনামে প্রিয়াংকা গোপ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। নিজের জীবনের এমন এক অর্জনে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াংকা গোপ। নিজের এই সাফল্যে পরিবারের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এই ডক্টরেট ডিগ্রি অর্জনে যারা সবসময় পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞ প্রিয়াংকা। প্রিয়াংকা গোপ বলেন, ‘আমার মা ভানু রানী গোপ, বাবা বাসুদেব গোপ, স্বামী সুবীর মিত্র, কন্যা রাজন্তি, তত্ত্বাবধায়ক ড. কুহেলী ইসলাম, যুগ্ম তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. বেগম আকতার কামালের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। তাদের তত্ত্বাবধান, সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে এগিয়ে যেতে ও আত্মবিশ্বাসী হতে প্রতিনিয়ত সাহস জুুগিয়েছে। এছাড়াও আমার সংগীত চর্চা ও লেখাপড়ায় বিভিন্ন গুণীজনের সান্নিধ্য ও সহযোগিতা পেয়েছি। তাদের প্রতিও কৃতজ্ঞ। যারা আমায় নিঃস্বার্থভাবে জ্ঞানদান করেছেন এবং ভালোবাসা দিয়েছেন, তাদের সবাইকে আমার প্রণাম ও কৃতজ্ঞতা। আমার গুরু, শিক্ষক, সাক্ষাত্কার প্রদানকারী গুণীজন, বন্ধু, কলিগ, সিনিয়র-জুনিয়র ভাইবোন, ছাত্রছাত্রী, আমার ভক্ত-শ্রোতা সর্বোপরি সকল সংবাদমাধ্যমের শ্রদ্ধেয় সাংবাদিকসহ সবার প্রতি আন্তরকি ধন্যবাদ বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করার জন্য। এভাবেই যেন সারাজীবন তাদের আশীর্বাদ নিয়ে পথ চলতে পারি। আর সারাজীবন শুদ্ধ সুরের সঙ্গে থেকে যেন বাংলাদেশের সংগীতাঙ্গনকে আরো সমৃদ্ধ করতে পারি এই আশীর্বাদ চাই সবার কাছে।’ নিজের নামের আগে ডক্টরেট শব্দটি এখন জুড়ে দিতে পারবেন এই বিষয়টিও তাকে এখন বেশ পুলকিত করছে। এদিকে অনেকটা হঠাত্ করেই ক’দিন আগেই বৃষ্টিস্নাত দিনে বৃষ্টি নিয়ে প্রিয়াংকা একটি গান লিখে ফেলেন। গানের কথা হলো ‘মাঝে মাঝে মনে হয় বৃষ্টির জন্যই বাঁচি’। গানটির সুর-সংগীত করেছেন তুষার। তবে গানটি কবে কোন ব্যানার থেকে প্রকাশিত হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি প্রিয়াংকা গোপ। প্রিয়াংকা বলেন, ‘এর আগেও কয়েকটি গান লিখেছি। তবে এবার গান লিখে সুর-সংগীত করে আপাতত ভয়েস দিয়ে রেখেছি। মন চাইলে প্রকাশ করব। না চাইলে নিজের শোনার জন্যই রেখে দেব।’ ইউটিউবে প্রকাশিত প্রিয়াংকার ‘ভুল তো মানুষেরই হয়’ গানটিও শ্রোতা-দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল এবং সুর-সংগীত করেছেন শেখ জসীম। এদিকে প্রিয়াংকা ইউসুফ আহমেদ খানের সংগীত পরিচালনায় ‘বিদেশ’ নামক একটি সিনেমায় প্লেব্যাক করেছেন।