উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার গানের পাশাপাশি বর্তমানে উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষগত গত ঈদে তিনি উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় পার করেছেন। দেশ টিভিতে টানা ছয় দিন ‘সুর আর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। পাশাপাশি নিউজি টোয়েন্টিফোর চ্যানেলে একটি সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন টানা তিন দিন। আবার এসএটিভিতে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। সবমিলিয়ে ঈদের আগে আমেরিকা থেকে দেশে ফিরেই ঈদকেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিঠি আনোয়ার। বিগত বেশ কয়েকবছর যাবত দিঠি আনোয়ার নিয়মিত উপস্থাপনা করে আসছেন। পাশাপাশি চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘পালকি’রও নিয়মিত উপস্থাপনা দিঠি আনোয়ারই করছেন। উপস্থাপনা প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘সত্যি বলতে কী, গানের অনুষ্ঠানগুলোর উপস্থাপনার দায়িত্ব যারা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা করতে পারেন, তাদের দিয়ে করালে একটু বেশিই ভালো হয়। কারণ তাতে সংগীতশিল্পীদের সঙ্গে উপস্থাপকের কথা বলার পরিবেশটা একটু অন্যরকম হয়, নিজেদের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধটাও বেশি থাকে। ’