এতদিন তামিল-তেলেগু সিনেমা থেকে বলিউডে পা রেখেছেন অনেক নায়িকা। ক্যারিয়ারে নতুন ডাইমেনশন আনতেই বলিউডে তাদের আসা হয়েছে। তবে আজকাল বলিউডের অনেক অভিনেত্রী তামিল-তেলেগু ছবিতে নাম লেখাচ্ছেন। এ সপ্তাহে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক হচ্ছে বলিউডি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। ‘সাহো’র মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে তার পদচারণা শুরু হচ্ছে। ছবিটি হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে। চোখ ধাঁধানো অ্যাকশন ধাঁচের সিনেমা ‘সাহো’র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার প্রভাসের। ছবিটি নির্মাণের শুরু থেকেই দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। এ ধরনের একটি বিগবাজেটের অ্যাকশন ছবিতে অভিনয় শ্রদ্ধাকে দর্শকদের কাছে নতুনভাবে পরিচিত করবে।
শ্রদ্ধা কাপুর বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের পর ৯ বছর পেরিয়ে গেছে। অভিনেত্রী হিসেবে তার শুরুটা তেমন ভালো ছিল না। প্রথম অভিনীত দুটি সিনেমার ব্যর্থতার পর ‘আশিকি টু’র মাধ্যমে তার ক্যারিয়ারে নতুন জোয়ার সৃষ্টি হয়। বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকাদের কাতারে চলে আসেন লাগাতার বেশ কটি সুপারহিট সিনেমার সুবাদে। যেকোনো ধরনের নারী চরিত্রে তার হূদয় ছোঁয়া অভিনয় দর্শকদের আলোড়িত করেছে বারবার। অভিনেতা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন এর মধ্যে। গায়িকা হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন নিজের অভিনীত বেশ কয়েকটি সিনেমার গানে প্লেব্যাক করার মাধ্যমে। শুরুতে শ্রদ্ধা ক্যারিয়ারে যে ধরনের রমরমা ভাব সৃষ্টি হয়েছিল, গত কয়েক বছরে তা অনেকটা ম্লান হয়েছে। এখন আর আগের মতো তার অভিনীত সিনেমাগুলো রমরমা ব্যবসা করছে না। এটা তাকে অনেকটা ভাবিয়ে তুলেছে বটে।
শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ ও ‘বাত্তিগুল মিটার চালু’ ছবিদুটি গত বছর মুক্তি পেয়েছিল। এর মধ্যে ভৌতিক ধাঁচের সিনেমা ‘স্ত্রী’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেলেও অন্যটি মোটামুটি ব্যবসা করে। ‘সাহো’ ছবিটি মুক্তির পর আগামী ৬ সেপ্টেম্বর শ্রদ্ধা অভিনীত আরো একটি নতুন সিনেমা ‘চিচোরে’ মুক্তি পাবে। যেখানে তিনি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করেছেন নায়িকা হিসেবে। রোমান্টিক কমেডি ধাঁচের এ ছবিটি নিয়েও শ্রদ্ধা বেশ আশাবাদী। আগামী বছরের শুরুতে বরুণ ধাওয়ানের বিপরীতে ‘স্ট্রিট ড্যান্সার’ ছবিতে তাকে দেখা যাবে নায়িকা হিসেবে। রেমো ডি সুজা পরিচারিত নৃত্যপ্রধান সিনেমা ‘এবিসিডি টু’-এর সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে ‘স্ট্রিট ড্যান্সার’। আগের ছবিটিতে শ্রদ্ধা নাচের যে কারিশমা দেখিয়েছেন, এবার তার চেয়েও বেশি চমক দেখাবেন। এ ছবিটি করতে গিয়ে বিখ্যাত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সায়না নেহওয়ালের বায়োপিকে অভিনয়ের জন্য কাস্ট হয়েও শেষ পর্যন্ত ছবিটি আর করেননি শ্রদ্ধা কাপুর। এখন সায়না নেহওয়ালের চরিত্রে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। ‘সাহো’ ছবিটি দক্ষিণী নায়ক প্রভাসের জন্য যেমন ভীষণ চ্যালেঞ্জিং তেমনিভাবে বলিউড নায়িকা শ্রদ্ধার জন্যও অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ ছবির মাধ্যমে দক্ষিণী সিনেমার দর্শকদের হূদয়ের কাছাকাছি চলে আসার বড় ধরনের সুযোগ পাচ্ছেন তিনি।
দক্ষিণী সিনেমায় যদি নিজেকে গ্রহণযোগ্য করে তোলা যায়, তাহলে শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন ডাইমেনশন আসবে সন্দেহ নেই। তার একান্ত চিন্তাভাবনায় এটি রয়েছে বলে জানা গেছে। কারণ গত কয়েকবছরে বলিউডের ক্যারিয়ারে আশানুরূপ সাফল্য আসেনি তার। অতএব বিকল্প কিছু একটার সন্ধানে রয়েছেন এই বলিউড তারকা।