মাদাম তুসো জাদুঘরের আদলে সেলিব্রেটি গ্যালারি ঢাকায়

মাদাম তুসো জাদুঘরের কথা জানেন অনেকেই। সেই জাদুঘরের কনসেপ্ট নিয়ে রাজধানীতে আজ শনিবার চালু হতে যাচ্ছে সেলিব্রেটি গ্যালারি। বাংলাদেশে এমন গ্যালারি এটাই প্রথম। মাদাম তুসো মোমের জাদুঘর লন্ডন, নিউইয়র্ক, সিঙ্গাপুর, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। বাংলাদেশের ভাস্কর মৃণাল হক ফাইবার গ্লাসের আশ্রয়ে বিশ্ববিখ্যাত কবি, রাষ্ট্রনায়ক থেকে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ও ফুটবলারের প্রতিকৃতি নির্মাণ করেছেন। সেসব ভাস্কর্য নিয়ে সাজানো হয়েছে এই সেলিব্রেটি গ্যালারি।

শুরুতে ৩২ জন ব্যক্তিত্বের ভাস্কর্য নিয়ে পথচলা শুরু করছে এই গ্যালারি। এই খ্যাতিমানদের মধ্যে স্থান পেয়েছেন কাব্যচর্চায় মগ্ন রবীন্দ্রনাথ ঠাকুর, কারারুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাদা শাড়িতে মানবতার দূত মাদার তেরেসা, রাইফেল কাঁধে বিপ্লবী চে গুয়েভারা, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পপ গানের রাজা মাইকেল জ্যাকসন, ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম, খ্যাতিমান অভিনেতা চার্লি চ্যাপলিন, মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, বলিউড তারকা শাহরুখ খান, বিখ্যাত কমেডি সিরিজ থ্রি স্টুজেস, লেডি ডায়না, কালজয়ী নায়িকা সুচিত্রা সেন, বব মার্লে প্রমুখ। তাদের পাশেই বহুতল ভবনে ঝুলছেন শিশুদের প্রিয় চরিত্র স্পাইডার ম্যান।

সেলিব্রেটি গ্যালারিটি স্থাপিত হয়েছে গুলশান-১ এর দুই নম্বর সড়কের ৫/এ নং বাড়িতে। প্রায় ১২ কাঠার ওপর নির্মিত দ্বিতল ভবনের নিচতলায় রয়েছে এ গ্যালারি। গ্যালারির উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মৃণাল হক। তিনি বলেন, ‘লন্ডন, প্যারিস বা আমেরিকার অনেক কিছু দেখে সেসবের প্রশংসা করছে মানুষরা। আমার মনে হলো বিদেশে দেখে এসে কেন এদেশে গল্প করতে হবে? মাথায় খেলে গেল নতুন ভাবনা। আমরা কি এমন কিছু করতে পারি না, যা দেখে বিদেশিরাও তাদের দেশে গিয়ে বলবে বাংলাদেশে এটা দেখে আসলাম। সেই চিন্তা থেকেই আমার উদ্যোগ। সেলিব্রেটি গ্যালারিটি মূলত লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের আদলে সাজানো হয়েছে।’

জানা গেছে, সপ্তাহের সাত দিনই খোলা থাকবে সেলিব্রেটি গ্যালারি। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা সময় কাটাতে পারবেন এই গ্যালারিতে।

ইত্তেফাক/আরকেজি