ইন্টারভিউয়ের নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, রাজধানীতে পুলিশের অভিযান

রাজধানীর শ্যামলীতে একটি অফিসে চাকরির ইন্টারভিউয়ের নামে এক তরুণীকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। অভিযোগের পর বুধবার দিবাগত রাত সোয়া ১টায় ওই অফিসটিতে অভিযান চালায় পুলিশ।

শেরেবাংলা নগর থানার এসআই তৌহিদুল বলেন, বুধবার দুপুরে ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগের পর আমরা একটি ভবনে অভিযানে এসেছি। কিন্তু এখানে কোনো অফিসের সাইনবোর্ড নেই। একজন লোক ছাড়া আর কাউকে ভবনে পাওয়া যায়নি।

তিনি জানান, মেয়েটি অভিযোগ করেন- সাক্ষাৎকারের সময় কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় কোনো ওষুধ খাইয়ে ৩-৪ জন তাকে ধর্ষণ করে। ওই তরুণী প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি কিন্তু বাড়িটি চেনেন। তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন বলে জানিয়েছেন। 

পুলিশ জানায়, এ বিষয়ে বুধবারই শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়। একজনকে গ্রেফতার করে পুলিশ। বাকীদের ধরতে অভিযান চলছে।

ইত্তেফাক/জেডএইচ