কিছুদিন ধরে

আমি ভালোবাসতাম মিতালী মুখার্জীর গান,

তোমার পছন্দ ভুপেন্দর সিং।

তুমি খোঁচাতে, ‘গান না মিতালীকে?’

 

মিতালী ভালোবাসতেন চয়ন চৌধুরীকে,

চয়ন আমার বড় ভাইর ক্লাসমেট:

পড়তেন রাজশাহী প্রকৌশলে।

চয়ন বিয়ে করে ফেললেন প্রাক্তন জমিদার

ফ্যামিলির এক মেয়েকে।

 

আমরা সেবার সুন্দরবন দেখতে গেলাম,

সাতাত্তর কি আটাত্তরে;

আমরা মানে একগাদা ভাই-বোন...

চয়ন চৌধুরীর তখন মোংলায় পোস্টিং,

দুপুরে উঠলাম সেখানে।

 

পরিচয় পর্ব:

দু-আড়াই বছরের দুধের শিশুটা কাঁদছে,

কান্না থামাতে নিকটাত্মীয়া, পরিচারিকা...

বয়ে বেড়াচ্ছে কোলে কোলে;

চয়ন বাবুর বউ কোনো কথা বলছেন না,

চুপচাপ স্ট্যাচুর মতো নির্বিকার চেয়ে!

চয়ন জানতেন না:যাকে তিনি বিয়ে করছেন

তিনি মানসিক প্রতিবন্ধী...

তারও অনেক অনেক পরে, বিরাশিতে

মিতালী বিয়ে করলেন ভুপেন্দর সিংকে।

 

কিছুদিন ধরে মিতালী মুখার্জীর একটা গান

আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে:

‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই,

মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই...’

গানটা লিখেছিলেন আমজাদ হোসেন।

 

আমি জানি না,

চয়ন আর মিতালীর প্রেমটা ভাঙল কোন ঝড়ে...

আমি তখন খুব ছোট, জানব কী করে?