প্রতিবন্ধী বান্ধব শিক্ষায়তন গড়ে তুলতে হবে: আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ‘আমরা যাদের প্রতিবন্ধী বলি তারাও এ সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জন্য যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তা একদিকে মানুষ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করবে অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মদক্ষতা কাজে লাগানোর মাধ্যমে পুরো সমাজই উপকৃত হবে। কাজেই প্রতিবন্ধী বান্ধব শিক্ষায়তন গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে হবে।’

শনিবার ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. আতিউর বলেন, ‘বাংলাদেশ সরকার অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের অভিযাত্রায় ‘কাউকে পেছনে ফেলে না এগোনোর প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। তাই শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি ও তাদের জন্য সমান সুযোগ তৈরির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে রাষ্ট্রীয় নীতি বহুলাংশে নির্ভর করে নাগরিকদের চাহিদার ওপর। ফলে নাগরিকদের মধ্যে প্রতিবন্ধী বান্ধব উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়লেই আরও বেশি বেশি প্রতিবন্ধী বান্ধব নীতি ও কর্মসূচি আসবে।’

আরো পড়ুন: কুমিল্লা টাউন হল মাঠে বিজয়ের পতাকা ওড়ে এইদিনে

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য কেবল সরকারি সহায়তার ওপর নির্ভর না করে কর্পোরেট খাতের সহায়তা নিতে হবে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অনুপ্রাণিত শিক্ষার্থীদের অডিও বুক তৈরি করাসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে শারীরিক ও অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে যাতে তারাও বাকিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ