চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোকন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রোকন একজন মাদক ব্যবসায়ী ও শীর্ষ ডাকাত। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা গ্রামে দুইদল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত রোকন দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বক্কর সিদ্দিকির ছেলে। পুলিশ বলছে, তার নামে মাদক, চোরাচালান, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে জয়রামপুর কাঁঠালতলা এলাকার করিম মণ্ডলের বাঁশবাগানে দুদল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টনের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় দুপক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থল থেকে রোকন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় এলজি, দুটি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দুটি রামদা। পরে রোকনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য রোকনের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: উত্তেজক ওষুধে সয়লাব দেশ

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, দুই দল মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলিতে রোকন নিহত হয়েছেন।

ইত্তেফাক/অনি