কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে। এ ঘটনায় ছাত্রীটির বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর (১৩) সঙ্গে একই গ্রামের আঃ সালামের পুত্র হোসেন আলি স্বপন (১৯) ফুসলিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ঐ স্কুল ছাত্রীকে পার্শ্ববর্তী আজাহার ও বালাশি বেগমের বাড়িতে নিয়ে তাদের সহায়তায় বিভিন্ন সময় ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষণের শিকার ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এক পর্যায়ে অন্তঃসত্ত্বার ঘটনাটি প্রকাশ হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালায় কিন্ত ধর্ষকের পরিবার তা প্রত্যাখান করে এবং সেই থেকে স্বপন এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাক জানান, এ ব্যাপারে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিলো। কিন্ত ছেলেপক্ষ মানতে রাজি না হওয়ায় তা ভেস্তে গেছে।
আরও পড়ুন: সাতকানিয়ায় চার হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের ব্যাপারে জোড় চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু