আকলিমা জান্নাত
খরা, বন্যা, সাইক্লোন, ঝড়ঝাপটা, ভূমিধস, ভূমিকমপ ইত্যাদি প্রাকৃতিক কিছু কারণে কৃষি উত্পাদন ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহামারি প্রাদুর্ভাব ও মনুষ্যসৃষ্ট অগ্নিকাণ্ড, সঞ্চিত বীজ বিক্রয়, সার, কীটনাশক ও আগাছানাশকের অত্যধিক ব্যবহার এবং ফসলের দাম পড়ে যাওয়ার কারণে কৃষিকাজের গতি ব্যাহত হচ্ছে। এসব কারণে চাষিদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা যায় না এবং এই ক্ষতি কখনো কখনো এতটাই মারাত্মক আকার ধারণ করে যে, কৃষকের পক্ষে সামাল দেওয়াই সম্ভব হয় না।
এক্ষেত্রে দেশের বিমা প্রতিষ্ঠানগুলো ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দেশের বিশেষ অঞ্চলগুলোর জন্য এসব প্রতিষ্ঠান সহজ শর্তে বিশেষ বিমা প্রকল্প চালুর উদ্যোগ নিতে পারে। যেমনটা, সম্প্র্রতি দুটো প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় এমনই এক উদ্যোগ নিতে দেখা গেছে। ‘ভালো লাইভস্টক বান্ডেল’ অফার শিরোনামে চর এলাকার মানুষের জন্য একটি সহজ ও বিশেষ বিমা সুবিধা চালু করেছে কার্নিভাল অ্যাসিউর ও ‘ভালো সোশ্যাল এন্টারপ্রাইজেস’। ‘ভালো’ টিমের কুড়িগ্রামের চরগুলোতে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা আছে, যেখানে তারা ১০ হাজার কৃষক এবং ২০০ কৃষি উদ্যোক্তার একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে।
গ্রামীণ জনগণের নানা সংকট, দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের চাহিদা বিবেচনা করে তাদের প্রয়োজন অনুযায়ী এই বান্ডেল অফারের নকশা করা হয়েছে। প্রযুক্তি এবং কনভেনিয়েন্ট সাপোর্ট সিস্টেমের সাহায্যে কার্নিভাল অ্যাসিউর দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাওয়ার সক্ষমতা রাখে, যার কারণে এসব প্রত্যন্ত অঞ্চলে সহজেই সেবা পৌঁছে দেওয়া যাবে। এর জন্য প্রয়োজনীয় সব তথ্য অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা হবে। অল্প সময়ের মধ্যে যে কোনো বিমাদাবি পরিশোধ করা হবে। গ্রামীণ জনগণের জীবনে আর্থিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগগুলো অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে উভয় প্রতিষ্ঠান। মানুষের জীবনের দুর্ভোগ কমানো, জীবনমান উন্নত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে বিশেষ অবদান রাখতে পারে এই উদ্যোগ। তবে শুধু কুড়িগ্রামই নয়, এরকম সুযোগ প্রয়োজন আরো বেশ কিছু অঞ্চলে। আর তাই সামগ্রিক গ্রামীণ চিত্র পরিবর্তন করতে হলে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।