জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস
স্পোর্টস রিপোর্টার
জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসের প্রথম দিনে দেশসেরা মানবীর খেতাব ধরে রেখেছেন শিরিন আক্তার। এদিকে বিকেএসপি থেকে সদ্য সেনাবাহিনীতে যোগ দেওয়া হাসান দেশের দ্রুততম মানবের সম্মান পুনরুদ্ধার করেছেন।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসের প্রথম দিনে নবমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জেতেন শিরিন আক্তার। এ নিয়ে গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসে চতুর্থবারের মতো এই কীর্তি গড়েন তিনি। তবে টাইমিং নিয়ে যারপরনাই হতাশ শিরিন। গেল বছর জাতীয় মিটে ১১.৮০ সেকেন্ড সময় নেওয়া এই অ্যাথলেট গতকাল ১০০ মিটার স্প্রিন্টে সময় নেন ১২.২১ সেকেন্ড। তবে এসএ গেমসের আগে আরো তিন মাসের মতো সময় হাতে পাচ্ছেন তিনি, এ সময়েই নিজেকে গুছিয়ে নিয়ে দক্ষিণ এশীয় প্রতিযোগিতাটিতে পদক জিততে চান বলে জানালেন তিনি, ‘আশাকরি টাইমিংয়ের উন্নতি করতে পারবো। সাউথ এশিয়ান (এসএ) গেমসের এখনো অনেক সময় বাকি। সে লক্ষ্য সামনে রেখে পরিশ্রম করছি।’
এদিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন হাসান মিয়া। গেল বছর সামার মিটেও দ্রুততম মানব হয়েছিলেন তিনি। তবে এরপর জাতীয় অ্যাথলেটিকসে তা হারিয়েছিলেন নৌবাহিনীর মো. ইসমাইলের কাছে। এক মৌসুম বাদেই ফের দ্রুততম মানবের মুকুট ছিনিয়ে নিলেন সেনাবাহিনীর এই অ্যাথলেট। তিনি সময় নিয়েছেন ১০.৬১ সেকেন্ড।
হারানো গৌরব পুনরুদ্ধারের পর উচ্ছ্বাস প্রকাশ করেন হাসান মিয়া। তিনি বলেন, ‘আনন্দটা বেশি এই কারণে যে, অনেক কষ্ট করে নিজের জায়গা ফিরে পেয়েছি। ভবিষ্যতে অনেক ভালো টাইমিং করতে চাই। এখন আমার লক্ষ্য এসএ গেমসে ভালো পারফর্ম করা। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’