একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। শনিবার বিকালে আপিল শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করা হয়। ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি।
এর আগে বাছাইয়ের সময় নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন ফরমে ‘নিজ দলের নাম বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন’ তা উল্লেখ না থাকায় বাতিল করা হয়। পরে তিনি ইসিতে আপিল করেন। শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আরো পড়ুন: মঙ্গলে বইছে বাতাস, শব্দ রেকর্ড করল নাসা
অপরদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। শুনানিতে আপিলটি খারিজ হয়। ফলে আব্বাসের নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই।
২০০১ সালে তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরবর্তীতে তিনি বিএনপি থেকে বের হয়ে তৃণমূল বিএনপি নামে একটি দল গঠন করেন।
ইত্তেফাক/জেডএইচ