হংকংয়ে বিক্ষোভের নেতা জশুয়া গ্রেফতার পরে জামিনে মুক্ত

গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারী হংকংয়ের রাজনৈতিক কর্মী জশুয়া ওয়াংকে আটকের কয়েকঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার ওয়াংকে আটক করেছিল পুলিশ। এছাড়া আরো দুই বিশিষ্ট নেতা অ্যাগনেস চো এবং অ্যান্ডি চ্যানকেও সকালে গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্তি পান। এদিকে রাজনৈতিক কর্মীদের আটকের প্রতিবাদে আজ শনিবার হংকংয়ে অবস্থিত বেইজিংয়ের লিয়াজোঁ অফিসের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়ার পর পুলিশ তা নিষিদ্ধ করে দিয়েছে।

মুক্তি পাওয়ার পর ওয়াংয়ের রাজনৈতিক দল ডেমোসিস্টো জানায়, পুলিশ তাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়েছিল। দলটি জানায়, হংকংয়ের চলমান আন্দোলনের সমর্থক দলটির আটক আরেক সদস্য আগনেস চৌকেও মুক্তি দেওয়া হয়। এই দুই রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সামনে বেআইনিভাবে সমাবেশ করার অভিযোগ আনে পুলিশ।

আগামী ৮ নভেম্বর পর্যন্ত মামলাটি মুলতুবি রাখে আদালত। এদিকে সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের (সিএইচআরএফ) কাছে পাঠানো এক চিঠিতে পুলিশ জানায়, কিছু অংশগ্রহণকারী সহিংসতা সৃষ্টি করবে বলে তারা আশংকা করছেন। গত ৯ জুন থেকে হংকংয়ে চলা আন্দোলনের সময়ে পুলিশ ৯শ’র বেশি রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করেছে।

২০১৪ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনে মূল ছাত্র নেতা ছিলেন জশুয়া। ৭০ দিন ধরে চলা আমব্রেলা আন্দোলনে তিনিই মূল নেতৃত্ব দেন। বিশ্বজুড়েই হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হয়ে ওঠেন জশুয়া। সেসময় তাকে বেশকিছুদিন আটকও রাখা হয়।

চলতি বছর ১৭ জুন কারামুক্তি পান জশুয়া। এর চারদিন পরই পুলিশ সদর দফতর ঘেরাও করেন হংকংয়ের গণতন্ত্রকামীরা। জশুয়া উং (২২) ডেমোসিস্টো নামে একটি দলের নেতৃত্ব দেন। তাকে নিয়ে অনলাইন স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স একটি প্রামাণ্যচিত্রও তৈরি করেছে যার নাম জশুয়া: টিনএজার ভার্সেস সুপারপাওয়ার।

ইত্তেফাক/এসআর