আফগান ক্রিকেট দল চট্টগ্রামে, অনুশীলনে নামবে আজ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আফগান জাতীয় ক্রিকেট দল বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে। শুক্রবার সকালে ঢাকায় নেমেই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে আফগানরা। দুপুরে চট্টগ্রাম পৌঁছায় রশিদ, নবীরা।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের সাগরিকাস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট শুরু হবে। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশ জাতীয় দলের সাথে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা।

গতকাল সফরকারীদের জন্য কোন প্র্যাকটিস শিডিউল ছিল না। সকলেই ছিলেন বিশ্রামে। আজ শনিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে আফগান ক্রিকেটারেরা।

আরো পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে তাসকিন, বাদ পড়লেন মুস্তাফিজ

একদিনের অনুশীলন শেষে ১ এবং ২ সেপ্টেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে আফগানরা।

এরপর দু’দিনের বিশ্রাম এবং অনুশীলন। ১০ সেপ্টেম্বর আফগান ও বাংলাদেশ ক্রিকেট দল ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে। টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ বিকালে ঢাকা ছাড়বে।

ইত্তেফাক/এমআর