ডেঙ্গু জ্বরে প্রখ্যাত ইতিহাসবিদের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত শিক্ষক বরেণ্য ইতিহাসবিদ প্রফেসর ড. শাহানারা হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (৩১ আগস্ট) রাত ৯টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।

ড. শাহানারা হোসেনের স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ রাবির প্রথম ইমেরিটাস প্রফেসর, প্রফেসর ড. এবিএম হোসেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যা, পরিজন ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। ড. শাহানারা হোসেনের জন্ম ১৯৩৭ সালে ১ এপ্রিল। তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লা জেলার নবিনগরে (বর্তমান বি. বাড়ীয়া জেলা), পিতা বিখ্যাত সাহিত্যিক আব্দুল হাফিজ। শাহানারা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগে এমএ ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের এসকিউএএস হতে এমএ ও পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনে সকল পরীক্ষাতেই তিনি কৃতিত্বপূর্ণ ফল লাভ করেন।

তাঁর এমএ থিসিস Everyday Life in Pala Empire রচনার জন্য তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে Mark of Distinction লাভ করেন। ড. শাহানারা হোসেন চার দশকের অধিক সময় রাবিতে সুনামের সঙ্গে শিক্ষকতা করেন এবং মন্নুজান হলের প্রথম প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশ্বপরিমণ্ডলে প্রথিতযশা শিক্ষাবিদ হিসেবে তাঁর সুখ্যাতি ছিল। অবসরলাভ করার পর তিনি ৮৪ লেকসার্কাস, কলাবাগান. ঢাকায় তাঁর নিজ বাড়িতে বসবাস করতেন। রবিবার ১ সেপ্টেম্বর বাদ জোহর ঢাকার কলাবাগান ডলফিন গলি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি