n নাদিয়া নাজনিন
কখনো কখনো মনের কথা বলে দেওয়া যায় চোখে চোখ রেখে। চোখের নিজস্ব ভাষা আছে, তবে তা শব্দহীন! যখন সে চোখ হয় মনের মতো করে রাঙানো, তখন তার ভাষা হয়ে ওঠে আরো প্রাঞ্জল। চোখ সাজানোর প্রথা আজকের নয়। বহু বছর ধরে চলে আসছে এ ধারা। একসময় বাতির কালি দিয়ে চোখে টেনে দেওয়া হতো কাজল। এরপরে ধীরে ধীরে আসে বিভিন্ন প্রসাধনী। চোখের জন্য এমন বেশ কিছু প্রসাধনী আবিষ্কার রূপ সচেতনদের করেছে মুগ্ধ। তারা একের পর এক ভিন্ন ধরনের এইসব পণ্য ব্যবহার করে হয়েছেন খুশি। যুগে যুগে চোখ রাঙানোর ঢঙে এসেছে পরিবর্তন। সেই এক রঙা কাজল কালো চোখের আবেদন আগের মতো থাকলেও এর পাশাপাশি এসেছে বেশ কিছু অন্য রকম পণ্য। সেগুলোর অন্যতম হলো আই শ্যাডো। যা ব্যবহার করা হয় চোখের উপরের অংশে। হালকা থেকে গাঢ়, এমন হাজারো রং দিয়ে রাঙিয়ে নেওয়া যেতে পারে চোখের উপরের অংশ। পোশাকের সঙ্গে রং মিলিয়ে যেমন বেছে নিতে পারেন চোখের জন্য রং, আবার বিপরীত রঙও হতে পারে আপনার সাজের অংশ। অনেকে শুধু কালো রং দিয়ে চোখ সাজাতে পছন্দ করেন, এমন যদি হয় আপনার ইচ্ছাও, তাহলে তার সঙ্গে একটু ছাই রং যোগ করে নিন। দেখবেন সৌন্দর্য বেড়ে গেছে অনেকটাই। চোখ সাজাতে পারেন ধাতু রং, অর্থাত্ মেটালিক রং দিয়েও। এতে জমকালো লাগবে দেখতে। হালকা রং পোশাকের সাথে দীপ্তি ছড়াবে এই রঙগুলো। তবে নিত্যদিনের প্রয়োজনে নয়, এমন ধরনের রং ব্যবহার করুন রাতের দাওয়াত কিংবা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। অনেকের মাঝে তখন আপনি হয়ে উঠবেন অনন্যা। পোশাকের সঙ্গে মিলিয়ে যখন বেছে নিচ্ছেন রং, তখন একটি নয়, অন্ততপক্ষে দুটি রং ব্যবহার করুন। এর সঙ্গে কোনো মেটালিক রং মিলিয়ে নিতে ভুলবেন না। চোখের উপরের অংশে রং ব্যবহার করার বিষয়ে সতর্ক হয়ে নিন। ত্বকের কোনো সমস্যা থাকলে আগে পরীক্ষা করে নিন হাতের কোনো অংশে সামান্য পরিমাণ রং লাগিয়ে নিয়ে। যদি ত্বক চুলকায় অথবা র্যাশ দেখা দেয়, তাহলে আর চোখের অংশে লাগাবেন না। আইশ্যাডো কেনার সময় নজর রাখুন মানের দিকে। ভালো মানের আইশ্যাডো বেছে নিন। চোখ যে মনের কথা বলে, এই কথাটা মনে করতেই চলে আসে চোখের নানা কথা। চোখ সুন্দর হলেই যে কাউকে সুন্দর লাগে। কাজল কালো চোখ সবারই নজর কাড়ে। আর মুখের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চোখ সাজানো। এ সময়ের চোখের সাজ সম্পর্কে বিউটি এক্সপার্ট সনিয়া খান বলেন, ‘নারীর কাজল টানা চোখের কত বন্দনাই না কালে কালে করেছেন কবিরা। কাজলটানা দুটি ডাগর চোখের রহস্য কত কবির চোখের ঘুম কেড়ে নিয়েছে। তবে চোখের সাজ এখন আর কেবল কাজলেই আটকে নেই। ফ্যাশনপাড়ায় এখন রঙিন চোখের সাজ জনপ্রিয় হয়ে উঠেছে। দিনে চোখ সাজাতে আইলাইনার ও মাশকারাই যথেষ্ট আর গাঢ় শেডের যুগ হলেও দিনে হালকা শেড বেছে নিন। এতে ক্যাজুয়াল দেখাবে। রাতের জমকালো চোখের সাজেই নজরকাড়া লাগবে। রাতের পার্টিতে সাজার জন্য প্রথমেই টোনার লাগিয়ে নিন। এরপর ফাউন্ডেশন, কমপ্যাক্ট পাউডার এবং ফেস পাউডার দিয়ে বেইজ করুন। চোখের সাজ ঠিকমতো ফুটিয়ে তুলতে বেইজ মেকআপেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। এর পর শুরু করুন চোখের মেকআপ। চোখের নিচে কালি থাকলে কনসিলার লাগিয়ে নিন। এবার আইশ্যাডো দিয়ে চোখের বেইজ তৈরি করুন। রাতের অনুষ্ঠানে চোখের জন্য ডার্ক শেডগুলো বেছে নিন। কপার, চেরি, পিচ, গোল্ডেন ব্রাউন, চকোলেটের মতো মেটালিক কালারগুলো এখনকার স্টাইল। পছন্দমতো আইশ্যাডো চোখের পাতার ওপরে ভালো করে ব্লেন্ড করে নিন। পোশাকের সঙ্গে মিলিয়ে দু রঙের আইশ্যাডো ব্যবহার করলেও চোখের সাজে নজরকাড়া লুক আসবে। চোখ টানা টানা দেখাতে গাঢ় শেডের শ্যাডো চোখের কোণে লাগান, ভি শেপ করে লাগিয়ে দু রঙের সংযোগস্থলে ব্লেন্ড করে গাঢ় রঙটা কিছুটা মিশিয়ে দিন।’
আজকাল চোখের বাড়তি সৌন্দর্য হিসেবে লেন্সের ব্যবহার খুবই জনপ্রিয়। মেকআপ করার আগেই লেন্স পরে নিতে হবে। এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াটার প্রুফ এবং হাইপো-অ্যালার্জেনিক আই মেকআপ ব্যবহার করতে হবে। লেন্স ব্যবহার করলে চোখের ভেতরের দিকে ও চোখের কোণে লাইনার ব্যবহার এড়িয়ে চলুন। চোখের সাজ জমকালো করতে এখন গ্লিটার এবং রঙিন আইলাইনারও ব্যবহার করা হচ্ছে। বড় চোখের ভেতরের দিকে কাজল না লাগিয়ে বাইরের দিকে মোটা করে কাজল লাগান। চোখ বড় দেখাতে চোখের ভেতরের দিকে সাদা কাজলও ব্যবহার করতে পারেন।
মডেল তামান্না
মেকআপ সোনিয়া খান
ছবি রনি বাউল