রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে অভিযান চালিয়ে বহিরাগত ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায় মতিহার থানা পুলিশ। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন কর্মচারী ক্লাবের দুটি কক্ষে মাদক ও জুয়ার খেলা আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি ও পুলিশকে সঙ্গে নিয়ে কর্মচারী ক্লাবে অভিযান পরিচালনা করি। এসময় জুয়া খেলার দায়ে কর্মচারীসহ পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এসময় দুই কক্ষ থেকে বিপুল পরিমাণ তাস উদ্ধার করা হয়। পরে কর্মচারী সমিতির সভাপতি ইমান হাসান পুলিশের সঙ্গে কথা বললে ১৪ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয় হয়।
জুয়ার বিষয়টি স্বীকার করে চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি ইমান হাসান বলেন, এখানে খুবই অল্প পরিমাণের বাজিতে জুয়া খেলা হয়। কখনো হয়তো পেপসি বা চায়ের বাজিতে খেলা হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোতে আরও বড় বাজিতে জুয়া খেলা হয়। কিন্তু সেখানে পুলিশ বা প্রক্টর অভিযান পরিচালনা করতে পারে না। আমরা মঙ্গলবার ইউনিয়নের বৈঠক ডেকেছি। বৈঠক শেষে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, জুয়ার আসর থেকে ১৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে ৬ জন বহিরাগতকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ