ইউনিসেফে জীনাত

 

  মহিলা অঙ্গন প্রতিবেদক

 

দেশের সীমানা ছাড়িয়ে জীনাত সুলতানা চলে যাচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে। নিউইউর্কে ইউনিসেফ সদরদপ্তরে বাংলাদেশের প্রথম নারী জুনিয়র প্রফেশনাল অফিসার (জেপিও) হিসেবে যোগদান করবেন তিনি। জাতিসংঘে আন্তর্জাতিক সিভিল সার্ভেন্ট হিসেবে পাবলিক পার্টনারশিপ অফিসার হিসেবে তিনি কাজ করবেন ইউনিসেফের পাবলিক পার্টনারশিপ ডিভিশনে।

কিশোরগঞ্জের মেয়ে জীনাত পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এবং স্কুল-কলেজের পাট সম্পন্ন করেছেন ভারতেশ্বরী হোমস থেকে। দেশে কাজ করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং ব্র্যাকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে। সেখান থেকেই ডেভেলপমেন্ট সেক্টরে তার কাজের শুরু। কাজ করেছেন সংলাপ সহযোগী হিসেবে, মিডিয়া-ইভেন্ট ম্যানেজমেন্টে। কাজ করেছেন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেবেন। নতুন কর্মক্ষেত্রে তিনি অর্থ ও অনুদান ব্যবস্থাপনা নিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং অঙ্গসংস্থাগুলোর সঙ্গে কাজ করবেন। সাধারণত আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের জায়গায় কাজ করার খুব কমই সুযোগ আসে; কিন্তু অল্প সুযোগের মধ্যেও বাজিমাত করে দিয়েছেন আমাদের দেশের মেয়ে সুদর্শনা, গুণী মানুষ জীনাত সুলতানা মিতু। এতদিন দেশে কাজ করেছেন আর এখন দাপিয়ে বেড়াবেন নিউইয়র্ক। তিনি বিশ্বাস করেন, অনেকেই যে মনে করেন বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে নিজেকে বিশ্বমানের করে গড়ে তোলা যায় না, সেটা ভুল ধারণা। তিনি দেশ ও নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বিশ্বের বুকে বিজয় পতাকার মতো উঁচিয়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।