অভিনয়ের প্রতি অর্ষার ভালোবাসাটা একটু অন্যরকম বলা যায়। বেশি বেশি নাটকে কাজ করার চেয়ে তিনি মানসম্পন্ন অভিনয়ের বিষয়েই সচেতন। তাই তো অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব থাকলেও বুঝেশুনেই হাতে কাজ নেন। তাকে নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী
অভিনয়জীবনের দীর্ঘদিনের পথচলায় ভার্সেটাইল অভিনেত্রী নাজিয়া হক অর্ষা অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। তবে কিছুদিন আগে থেকে বাংলাভিশনে প্রচার শুরু হওয়া সকাল আহমেদ পরিচালিত, বৃন্দাবন দাস রচিত ‘ভদ্রপাড়া’ নাটকটিতে অভিনয়ের জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। এই ধারাবাহিকের প্রধান একটি চরিত্র ‘কুসুম’ রূপে অভিনয় করছেন তিনি। এত আরো আছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, লুত্ফর রহমান জর্জ, নাদিয়া, সাজু খাদেম, প্রাণ রায়, জয়রাজসহ আরো অনেকে। লাক্স চ্যানেলআই প্লাটফর্ম দিয়ে মিডিয়াতে অর্ষার অভিষেক হলেও তার সমসাময়িক অনেকের চেয়ে অভিনয়ে বিশেষ নৈপুণ্য প্রদর্শন করে একজন জাত অভিনেত্রী হিসেবে আলোচনায় এসেছেন তিনি। যে কারণে সবসময়ই একটু ভিন্ন ঘরানার কিংবা একটু বেশি চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে অভিনয় করার সুযোগ এসেছে তার কাছে। সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’ নাটকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এখন পর্যন্ত ধারাবাহিকটির মাত্র পাঁচটি পর্ব প্রচারিত হয়েছে। কিন্তু মাত্র পাঁচ পর্ব প্রচারেই আলোচনায় এসেছে ‘ভদ্রপাড়া’ নাটকটি এবং অর্ষা অভিনীত চরিত্রটিও। শুধু তাই নয়, নাটকটির গল্প এবং অন্যান্য শিল্পীর অভিনয়ে প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করছে। নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘ভদ্রপাড়া এমন একটি গল্পের পটভূমিতে নির্মিত, যেখানে দেখা যায়, ভদ্রবেশী মানুষগুলোই সমাজের বেশি ক্ষতি করছে। অথচ ভদ্রপাড়ায় যারা অপরাধী হিসেবে চিহ্নিত, তাদের নিয়েই মানুষ বেশি আলোচনা-সমালোচনা করে। অন্তরালের মানুষগুলো থেকে যায় আড়ালে। নাটকটি প্রচারের পর থেকে বাংলাভিশনে প্রচার চলতি অন্যান্য ধারাবাহিকের চেয়ে ইউটিউব ভিউয়ার্সের দিক দিয়ে শীর্ষে রয়েছে। এটা অনেক বড় প্রাপ্তি।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অর্ষা বলেন, ‘সকাল আহমেদের নির্দেশনায় এর আগেও ধারাবাহিকে অভিনয় করেছি। কিন্তু ‘ভদ্রপাড়া’য় অভিনয়ের জন্য শুরু থেকেই সত্যিই অনেক বেশি সাড়া পাচ্ছি। এর কারণ হলো দুটো—এক. বৃন্দাবন দাদার গল্পে অবশ্যই একটি বার্তা থাকে, যা সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। দুই. সকাল ভাই তার অন্যান্য নাটকের চেয়ে এই নাটকটি নির্মাণে অনেক অনেক বেশি যত্নশীল ছিলেন, মনোযোগী ছিলেন। আর আমরা সবাই তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। যে কারণে নাটকটি দর্শকও বেশ আগ্রহ নিয়ে দেখছেন। ‘ভদ্রপাড়া’র একজন শিল্পী হিসেবে আমি গর্বিত।’ নাটকটি প্রযোজনা করছেন কাজী রিয়াজ হোসেন নয়ন। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচারিত হচ্ছে।