মোহাম্মদ আবু সেলিমের

ছোটদের এস এম সুলতান

ছবি আঁকতে কার না ভালো লাগে। সবাই কি ভালো ছবি আঁকতে পারে। ভালো ছবি আঁকার প্রধান শর্ত হলো—সুন্দর ও সৃজনশীল একটি মন থাকা চাই। শিল্পী এস এম সুলতান ছিলেন তেমনি একজন সুন্দর মনের সৃজনশীল মানুষ। তাই তো তিনি হতে পেরেছেন পৃথিবীখ্যাত চিত্রশিল্পীদের একজন।

১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে চিত্রা নদীর পাড়ে এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। ছোটবেলা থেকেই তিনি গ্রামবাংলার প্রকৃতি নিয়ে ভাবতেন। ভাবতেন দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের কথা। তার ছবিতে উঠে এসেছে সেইসব মানুষের সংগ্রামী জীবনচিত্র।

তিনি কেবল একজন মহান শিল্পীই ছিলেন না, ছিলেন মহান মানুষও। ছবি এঁকে টাকা-পয়সা যা আয় করতেন সব বিলিয়ে দিতেন গরিব-দুঃখীদের মাঝে। ব্যয় করতেন অবলা পশু-পাখির পেছনেও। আত্মীয় বলতে তার কেউই ছিল না। পশুপাখিরাই তাকে ভালোবেসেছে আত্মীয়ের মতো। তিনিও তাদের বুকে টেনে নিয়েছেন আপন করে। 

শিল্পী এস এম সুলতানের রহস্যময় জীবন, ছবি আঁকার গল্প, দরদি হূদয় আর সুন্দর মন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই তোমাদেরকে মোহাম্মদ আবু সেলিমের ‘ছোটদের এস এম সুলতান’ বইটি পড়তে হবে। লেখক নিজেও একজন চিত্রশিল্পী। তিনি এস এম সুলতানের সান্নিধ্য পেয়েছেন একাধিকবার। তিনি সহজ ভাষায় সুলতানকে তুলে এনেছেন এ বইয়ে। বইটি পড়ে তোমার ভেতরেও জেগে উঠবে একজন চিত্রশিল্পী হয়ে ওঠার স্বপ্ন। পাশাপাশি একজন মহত্ মানুষ হওয়ার প্রেরণাও পাবে এ বই থেকে।

তোমরা যারা ছবি আঁকতে পছন্দ কর, তাদের জন্য তো বটেই, অন্যরাও এস এম সুলতানকে নিয়ে লেখা এ বইটি পড়তে পার। জানতে পারবে একজন মহান শিল্পী ও অনন্য মানুষের জীবনের গল্প।

ছোটদের এস এম সুলতান

মোহাম্মদ আবু সেলিম

প্রচ্ছদ : এস এম সুলতানের ছবি অবলম্বনে মো. শাহিন খান

প্রকাশক :ফাহিমদা খানম

দাম : ২০০ টাকা