রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আমতলী এলকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তিনি নিহত হন। মৃতের নাম ফারহানাজ (২৯)। 

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন জানান, সকালে ৯টার দিকে, ফারহানাজ আমতলীর পূর্ব পাশ থেকে পশ্চিম পারে মহাখালী ফ্লাইওভার শেষে ফুটপাতে বিমানবন্দর মহাসড়ক যাচ্ছিলেন। এ সময় একটি বাসের (ঢাকা মেট্রো জ - ১১-৩০০৩) ধাক্কায় গুরুতর আহত হন, পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে বেলা ১১টায় মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকালে মর্গে পাঠানো হয়। 

আরো পড়ুন: নারী টি-২০ বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

মৃতের বড় বোন জিনাতরাজ বলেন, তার বোনের স্বামী নাজমুল হাসানসহ পরিবার নিয়ে  মিরপুরের মনিপুর ৩৮৬ নম্বর বাসায় থাকতেন। তার স্বামী পল্লী বিদ্যুতে চাকরি করেন, ফারহানাজ বনানী এলাকায় ইউপিএল কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন। তার তাহারিন হাসান ইসরা (১৩ মাস) নামে একটি কন্যা সন্তান রয়েছে। 

তিনি আরো বলেন, সকালে স্বামী নাজমুল হাসান তাকে আমতলীতে তার অফিসের বিপরীত পাশে ব্রিজের কাছে নামিয়ে দেন। পরে রাস্তা পার হয়ে অফিসে যাওয়ার কথা ছিল। একটু রাস্তা পার হওয়ার আগেই সড়ক দুর্ঘটনার শিকার হয়। 

ইত্তেফাক/এমআই