স্পোর্টস সাস্টের জাতীয় ফুটসাল আয়োজন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ প্রথম বারের মত জাতীয় পর্যায়ে ‘স্পোর্টস সাস্ট ইউনি ফুটসাল চ্যাম্পিয়নশীপ’ আয়োজন করতে যাচ্ছে। দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতা আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ‘ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়াম’ ঢাকায় অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, সংগঠনটির সাধারণ সম্পাদক আল ইমরান জাকারিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ৩টি টিম অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি টিমের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। 


উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে যা চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত। সংগঠনটির ওয়েবসাইট sportssust.com/registration এ রেজিস্ট্রেশন করা যাবে।

অপরদিকে, ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালা প্রত্যাখান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ নীতিমালার  প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষক সমিতির ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ মানববন্ধন করে। 

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি ড. এস এম সাইফুল ইসলাম বলেন, শিক্ষক সমিতি ফেডারেশন যে নীতিমালা প্রণয়ন করে দিয়েছে তাতে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে এবং তা যদি শিক্ষক বান্ধব না হয় তাহলে আমরা সে নীতিমালা  প্রত্যাখান করব। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন ক্ষুণœ করে এমন অভিন্ন নীতিমালা এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া আমরা মানবো না। তবে ভবিষ্যতে যদি এ ধরনের কোনো পরিবর্তন আনা হয় তাহলে শিক্ষক ফেডারেশন, ইউজিসি এবং আমাদের প্রতিনিধির সমন্বয়ে হতে হবে।

 

ইত্তেফাক/অনি