দিনের শুরুতেই উইকেট পতনের প্রত্যাশায় আফগানিস্তানের বিপক্ষে বোলিং শুরু করেছে বাংলাদেশ। যত দ্রুত সম্ভব আফগানিস্তানের ইনিংস শেষ করে দেওয়ার আশায় মাঠে নামছে বাংলাদেশ।
এ্রর আগের দিন বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে আফগানিস্তান। সেখান থেকে আজ ব্যাটিং শুরু করেছেন আসগর আফগান ও আফসার জাজাই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগান ৯২ ও জাজাই ৩৬ রানে অপরাজিত আছেন।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় সফরকারীদের। ব্যক্তিগত ৯ রানে তাইজুলের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ইহসানুল্লাহ জানাত। দ্বিতীয় আঘাতও হানেন তাইজুলই। দলীয় ৪৮ রানের মাথায় ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেশের পক্ষে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান এই বামহাতি স্পিনার। এটি তাইজুলের ২৫তম টেস্ট ম্যাচ। সাকিব আল হাসান নিজের ২৮তম টেস্টে ১০০ উইকেটের দেখা পেয়েছিলেন।
বিরতিতে যাওয়ার আগে শেষ আঘাত হানেন দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন হাসমতউল্লাহ শাহিদি।
আরো পড়ুন : ৪৯৭ রানে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা, স্মিথের ডাবল সেঞ্চুরি
দ্বিতীয় সেশনে বাংলাদেশ পায়নি কোনো উইকেট। পুরো সেশনে বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন রহমত ও আসগর। সুযোগ অবশ্য এসেছিল কিছু। তবে ফিল্ডাররা সেগুলো কাজে লাগাতে পারেননি। মেহেদী হাসান মিরাজ আসগরকে এলবিডব্লিউ করলেও রিভিউ নিয়ে বেঁচে যান আফগান ব্যাটসম্যান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন রহমত শাহ। ৯৮ থেকে নাঈম হাসানকে চার হাঁকিয়ে রহমত তিন অঙ্ক স্পর্শ করেন ১৮৬ বলে।
তৃতীয় সেশনের শুরুতেই জোড়া আঘাত হেনেছেন নাঈম হাসান। ৬৯তম ওভারের তৃতীয় বলে ফিরিয়েছিলেন সেঞ্চুরিয়ান রহমত শাহকে (১০২)। শেষ বলে আরো একটি উইকেট নিয়েছেন নাঈম হাসান। অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন মোহাম্মদ নবী। তিন বলে তিনি করেছেন শূন্য রান। শেষ পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেননি আসগর আফগান ও আফসার জাজাই।
ইত্তেফাক/ইউবি