টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের সাবেক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ নবী। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলেই বড় ফরম্যাট থেকে সড়ে দাঁড়াচ্ছেন তিনি। এমনটাই জানালেন আফগানিস্তানের ম্যানেজার নাজিম জার আব্দুরাহিমজাই।
তিনি বলেন, 'হ্যাঁ, নবী এই ম্যাচ শেষেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে।'
আফগানিস্তানের প্রথম টেস্ট থেকেই দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ব্যাটিং অলরাউন্ডার নবী। কিন্তু এখন অবধি টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। যেমনটা ওয়ানডে বা টি-২০তে পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন নবী। এখন আফগানিস্তানের পাঁচ ইনিংসে (চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসসহ) নবীর রান ছিল ২৪,০,০,১ ও ০। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি। অথচ ১২১ ম্যাচের ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২ হাজার ৬৯৯ রান ও ৬৮টি টি-২০তে ৩টি হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ১৬১ রান রয়েছে ৩৪ বছর বয়সী নবীর।
আরও পড়ুন: রাতে চাঁদে নামছে চন্দ্রযান, ছাত্রদের নিয়ে দেখবেন মোদী
নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন নবী। তবে গুঞ্জন আছে, ওয়ানডে, টি-২০ ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইভিত্তিক লিগে মনোযোগী হতেই টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন তিনি। এছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে না আফগানিস্তান। তাই বছরে খুব বেশি টেস্টও থাকবে না আফগানদের। যে কারণে টেস্ট নিয়ে চিন্তা না করে অন্যান্য ফরম্যাটের প্রতি মনোযোগী হওয়াটা শ্রেয় ভাবছেন নবী। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অন্যতম ভরসার নাম এই নবী।
ইত্তেফাক/জেডএইচডি