জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠানগুলো থেকে মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে পড়াশোনার সুযোগ করে দিতে সম্প্রতি জাগো ফাউন্ডেশন ও ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের যৌথ উদ্যোগে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ সোসাইটি অব বাংলাদেশের সভাপতি রাকিব মোহাম্মদ ফাখরুল এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ সম্প্রতি ঢাকায় এ চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেছেন। এসময় ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের সহ-সভাপতি খাদিজা আফজাল, সাধারণ সম্পাদক আয়েশাসহ জাগো ফাউন্ডেশন ও ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ সোসাইটি অব বাংলাদেশের অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত ছিলেন। করভি রাখসান্দ বলেন, ‘সুবিধাবঞ্চিত এ শিশুগুলো অত্যন্ত দরিদ্র পরিবারে বেড়ে উঠলেও এদের প্রত্যেকের সহজাত মেধা রয়েছে। আমরা আশা করব, এ মেধাবীরা পড়াশোনা করে দেশে ফিরে আসার পর প্রত্যেকেই একেকজন সুনাগরিক হয়ে উঠবে এবং দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
শিক্ষার্থীদের চাহিদা, মেধা ইত্যাদি বিবেচনা করে জাতীয় কমিটি বাংলাদেশের বাছাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ১৬ থেকে ১৮ বছর বয়সী বাছাইকৃত শিক্ষার্থীদের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ বিশ্বের বিভিন্ন ক্যাম্পাসে পূর্ণকালীন বৃত্তি প্রদান করবে। শিক্ষার্থীরা ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এই সুবিধাটি পাবেন।
ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ বর্তমানে ১৭টি আন্তর্জাতিক স্কুল ও কলেজ, ১৫৫টি জাতীয় কমিটি এবং আরও অনেক স্বল্পকালীন শিক্ষামূলক কর্মসূচিকে প্রতিনিধিত্ব করছে। এ কার্যক্রমগুলো দেশ বর্ণ, শ্রেণির, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষকে একই জায়গায় বিভিন্ন শিক্ষামূলক এবং সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ করে দেয়।
এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ ও সুন্দর ভবিষ্যত্ গড়ে দেওয়া। জাগো ফাউন্ডেশন তাদের ৪ জন শিক্ষার্থীদের এই বৃত্তিটির সুযোগ প্রদান করে থাকবে।