টেস্ট জিততে বাংলাদেশের দরকার ৩৯৮ রান

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে বাংলাদেশকে পাহাড়সম ৩৯৭ রানের লিড দিয়েছে তারা। এ টেস্ট জিততে হলে বাংলাদেশকে ইতিহাস গড়তে হবে। কারণ দ্বিতীয় ইনিংসে এতো রান তাড়া করে বাংলাদেশ কখনো জিততে পারেনি।

 

এ টেস্ট জিততে হলে বাংলাদেশকে ৩৯৮ রান করতে হবে। কিন্তু চতুর্থ ইনিংসে বাংলাদেশ ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কখনো। এই মাঠে সর্বোচ্চ ৩১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে নিউজিল্যান্ডের। 

 

বৃষ্টির পর রবিবার বেলা ১১টার ৫০ মিনিটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে চতুর্থ দিনের খেলা শুরু হয়। ৮৮.৫ ওভারে রান আউটে কাটা পড়েন আগের দিনে অপরাজিত থাকা আহম্মদজাই। এর পর মেহেদি হাসান মিরাজের বলে মুমিনুল হককে ক্যাচ দিয়ে ফিরে যান জাহির খান। ফলে ২৬০ রানে অলআউট হয় আফগানিস্তান। 

 

আফসার জাজাই ৪৮ রানে অপরাজিত থাকেন। আগের দিনের ২৩৭ রানের সঙ্গে আজ বাকি দুই উইকেটে আরো ২৩ রান যোগ করেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা।

আরো পড়ুন : জাপা‌য় সমঝোতা : রওশন বি‌রোধী দ‌লীয় নেতা, জিএম কা‌দের চেয়ারম্যান

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গিয়ে অবশ্য শুরুতেই বিপাকে পড়েছিল আফগানরা। সাকিব নিজের প্রথম ওভারে পরপর দুই বলে তুলে নেন ইহসানউল্লাহ ও রহমত শাহর উইকেট। এরপর হাসামাতউল্লাহর উইকেট তুলে নেন নাঈম হাসান। কিন্তু সাবেক অধিনায়ক আসগর আফগানের সাথে ১০৮ রানের জুটি করে আফগানদের হাতে নিয়ন্ত্রণ নিয়ে নেন ইব্রাহিম জাদরান। আসগর ৫০ রান করে তাইজুলের শিকার হয়ে ফেরেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন অভিষিক্ত ইব্রাহিম। তিনি ৮৭ রানে আউট হয়েছেন নাঈম হাসানের দ্বিতীয় শিকার হয়ে। ৮ উইকেটে ২৩৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে আফগানিস্তান।

 

 

আফগানিস্তান প্রথম ইনিংসে ৩৪২ রান করে। জবাব দিতে নেমে  ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড পায় আফগানিস্তান। এই টেস্ট বাঁচাতে শেষ দুইদিনে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে।

 

 

 

 

ইত্তেফাক/ইউবি