লিটনের পর ফিরে গেলেন মোসাদ্দেক

লিটনের পর ফিরে গেলেন মোসাদ্দেক হোসেন।  প্রমোশন পেয়ে তিন নম্বরে উঠে এসেছিলেন। কিন্তু মোসাদ্দেক হোসেন সুযোগটা কাজে লাগাতে পারলেন না। বাজে এক শট খেলে তিনি আউট হলেন। জহির খানের অফ স্টাম্পের অনেক বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে আসগর আফগানের ক্যাচ দেন তিনি। মোসাদ্দেক ১৭ বলে ১২ রান করে ফেরার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৭।

 

লাঞ্চের পরই ফিরে যান লিটন দাস (৯) । জহির খানের নিচু হয়ে আসা বলটা আঘাত করেছিল লিটনের প্যাডে। সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার। এর আগের বলে রিভিউ নিয়ে রক্ষা পেয়েছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, বল উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার আগে লিটনের ব্যাট স্পর্শ করেনি।

 

 

মোসাদ্দেকের বিদায়ের পর সাদমান ইসলামের সঙ্গে জুটি বাধেন মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান। সাদমান ৩০ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে আরো ৩২৭ রান করতে হবে।

 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি সাদমান ইসলামের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছেন ডানহাতি লিটন দাস। প্রথম ইনিংসে লিটন তিন নম্বরে ব্যাট করেছিলেন।

 

এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে অলআউট হয় আফগানিস্তান। আর প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ৩৪২ রান। অন্যদিকে প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে দুই ইনিংস মিলে ৩৯৭ রানের লিড পায় আফগানিস্তান।

 

আরো পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে আরো এক নারীর মৃত্যু

 

এ টেস্ট জিততে হলে বাংলাদেশকে ইতিহাস গড়তে হবে। কারণ দ্বিতীয় ইনিংসে এতো রান তাড়া করে বাংলাদেশ কখনো জিততে পারেনি। চতুর্থ ইনিংসে বাংলাদেশ ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কখনো। এই মাঠে সর্বোচ্চ ৩১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে নিউজিল্যান্ডের। এই টেস্ট বাঁচাতে শেষ দুইদিনে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে।

 

ইত্তেফাক/ইউবি