বিশ্বপ্রবাহ ডেস্ক
পরীক্ষায় নকল আটকাতে স্কুল কর্তৃপক্ষ কত পন্থাই না অবলম্বন করে। এমন ভাবে পরীক্ষার্থীদের বসানো হয় যাতে একে অপরের সঙ্গে কথা বলতে বা খাতা দেখাতে না পারে তারা। পরীক্ষা হলে বেশি করে শিক্ষককে রাখা হয়। আরো উন্নত চিন্তাভাবনা থেকে এমন ভাবে পরীক্ষা হলের আলোর ব্যবস্থা করা হয়, যাতে একজন পরীক্ষার্থী নিজের ছাড়া অন্য কারও খাতা দেখতে পাবেন না। কিন্তু মেক্সিকোর একটি স্কুলে শিক্ষকরা যে পদ্ধতি অবলম্বন করলেন তা আগে কখনো শোনা যাননি। এটা একেবারেই নতুন ও অভিনব। ঐ স্কুলের শিক্ষকদের এহেন ব্যবস্থায় ক্ষুব্ধ অভিভাবকরাও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ক্লাস রুমে কয়েকজন শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছে। আর তাদের মাথায় পরানো কাগজের বাক্স। সেই বাক্সের সামনে দুটো ফুটো করা রয়েছে দেখার জন্য। আসলে পরীক্ষায় নকল আটকাতে এই অভিনব পন্থা নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। যাতে ঘাড় ঘুরিয়ে একজন আরেকজনকে কিছু বলতে না পারে কিংবা তার খাতা না দেখতে পারে।
এই ছবি সেন্ট্রাল মেক্সিকোর একটি রাজ্যের। ছবিটি এক ছাত্রের অভিভাবক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। তারপরই শুরু হয়েছে বিতর্ক। এভাবে নকল আটকাতে বাক্স পরিয়ে পরীক্ষায় বসানো অনৈতিক বলে দাবি করেছেন সমালোচকরা। সেই সঙ্গে দাবি তুলেছেন, স্কুলের প্রধান শিক্ষককে তার পদ থেকে সরানো হোক।
বিতর্ক শুরু হওয়ার পর মুখ খুলেছে স্কুল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেছে, এটি একটি প্রগতিশীল চিন্তাভাবনা। কিছু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক জুড়লেই সেটা বিতর্কিত হয়ে যায় না। এই পদ্ধতি ছাত্রদের নিজেদের উপর আত্মবিশ্বাস জোরালো করবে। তাছাড়া এটি অবলম্বনের আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হয়েছে। একজন ছাত্রও আপত্তি তোলেনি কিংবা অসন্তোষ প্রকাশ করেনি।