যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নির্মাণাধীন দ্বিতীয় ছাত্রী হলের নাম বীরপ্রতীক তারামন বিবির নামে করা হয়েছে। স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৫২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রিজেন্ট বোর্ডের নতুন সদস্য মনোনীত হওয়ায় অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তালেব মিয়া, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তোরাব মোহাম্মদ হাসানকে সভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদ, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি