ভিন্ন স্বাদে ইলিশ

 

মচমচে ইলিশ ভাজা  

উপকরণ :ইলিশ মাছের টুকরো ৮টি, লেবুর রস ১ চা চামচ, লবণ পরিমাণমতো, শুকনো মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, টেম্পুরা পাউডার আধা কাপ, ভাজার তেল পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ৩-৪টি।

প্রণালি :তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও টেম্পুরা পাউডার বাদে অন্যসব উপকরণ মাছের সাথে ভালো করে মেখে ১০-১৫ মিনিট রাখুন। এবার মাছ টেম্পুরা পাউডারে গড়িয়ে নিন। এরপর ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম হলে মাছগুলো বাদামি করে ভেজে নিন। মাছ উঠিয়ে ওই তেলেই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিন। এবার একটা পরিবেশন পাত্রে মাছ রেখে উপরে ভাজা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিন। উল্লেখ্য টেম্পুরা পাউডারের বদলে ময়দাতেও গড়িয়ে নিতে পারেন মাছের টুকরো।

 

 

ভাপা ইলিশ

উপকরণ :ইলিশ মাছের টুকরো ৮টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, টক দই ২ টেবিল চামচ, সাদা সরিষা বাটা ২ চা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৩-৪টি।

প্রণালি :প্রথমে মাছ বাদে অন্যসব উপকরণ একসাথে ভালো করে মেখে নিন। এবার মাছের টুকরো মসলার মিশ্রণ দিয়ে মেখে নিন। এবার একটা ঢাকনাসহ টিফিন বাটি নিন। মসলার মাখানো মাছ বাটিতে ঢেলে পানি দিন অল্প পরিমাণে। এবার বাটির মুখ বন্ধ করে দিন ঢাকনা দিয়ে। এবার চুলার কড়াইতে পানি দিয়ে পুডিংয়ের মতো বসিয়ে দিন পানি বলক এলে। ৩০-৩৫ মিনিট ভাপে রাখুন। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে দিন। খিচুড়ির সাথে পরিবেশন করুন।

 

 

খিচুড়ি ইলিশ

উপকরণ :পোলাউয়ের চাল আধা কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মসুরের ডাল ১ কাপ, মুগ ডাল ১ কাপ, ফুল, বাধাকপি, গাজর, আলু, বরবটি, পেঁপে ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, সোয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ (সমান), মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টা, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা ৩-৪টি করে, লবণ পরিমাণমতো, আস্ত জিরা আধা চামচ, ধনে পাতা কুচি ১ মুঠো।

প্রণালি :মুগ ডাল ভেজে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিন। সবরকম সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিন। মসুরের ডাল পানিতে ভিজিয়ে রাখুন ৩-৪ ঘণ্টা আগে। পোলাউয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার একটা হাঁড়িতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি দিন। বাদামি হলে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নিন। এবার জিরা, আস্ত গরম মসলা দিয়ে ও তেজপাতার ফোড়ন দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। এবার মসুরের ডাল, মুগ ডাল ও সবজি দিয়ে কিছুক্ষণ কষানোর পর পোলাউয়ের চাল দিন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে চুলার আঁচ কমিয়ে দমে দিন। সবজি ও চাল সিদ্ধ হয়ে এলে ধনে পাতা কুচি দিন। এবার নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে উপরে ঘি ও বোরস্তা ছড়িয়ে দিন। মচমচে ইলিশ ভাজা ও ভাপা ইলিশ দিয়ে পরিবেশন করুন।