২০০৭ সালের লাক্স তারকা আলভী। গত বছর ঈদে সর্বশেষ তিনি নাটকে অভিনয় করেছিলেন। এরপর তাকে আর অভিনয়ে না দেখা গেলেও গতকাল তিনি জানালেন আবারো অভিনয়ের আঙ্গিনায় নিজেকে ব্যস্ত করে তুলছেন। আলভী এতদিন নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ার থানা পাড়াতেই একমাত্র সন্তান আমীরা হাসিন আহেলীকে নিয়ে ব্যস্ত ছিলেন। সন্তানকে নিয়ে ব্যস্ত থাকার ঐ সময়ে অনেক পরিচালকই তার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আলভী সময় বের করতে পারেননি। কিন্তু এখন আলভী সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়ে ফিরবেন। এর মধ্যে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপও হয়েছে তার। একই সঙ্গে আলভীর আগ্রহও আছে ভালো গল্পের সিনেমায় অভিনয় করার ব্যাপারে। মুঠোফোনে কুষ্টিয়া থেকে আলভী বলেন, ‘আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো, সবার সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রাখতে পারি না। যে কারণে অভিনয়েও আমাকে নিয়মিত দেখা যায় না। অবশ্য বিগত বেশ কিছুদিন আমি আমার সন্তানকে নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু এখন কাজে ফেরার প্রবল আগ্রহ জেগেছে। তবে এটা সত্যি, বেছে বেছে ভালো গল্পের কাজই করতে চাই। এটা শুধু বলার জন্যই বলা নয়, সত্যিই তা চাচ্ছি। প্রয়োজনে ভালো গল্পের একটি সিনেমাতেও কাজ করতে চাই। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’ গত বছর ঈদে আলভী বৈশাখী টিভিতে প্রচারিত ফরিদুল হাসানের ঈদ ধারাবাহিক ‘বউয়ের দোয়া পরিবহন’ ও শাহজাদা মামুনের এক পর্বের নাটকে অভিনয় করেছিলেন। আলভী, বিদ্যা সিনহা মিম ও ফারিয়া প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করেন সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় ‘চলো না বৃষ্টিতে ভিজি’তে। এরপর আলভী ফেরদৌস হাসান রানার ‘পৃথিবীর সব রূপ মেখে আছে ঘাসে’ টেলিফিল্মে অপূর্বর বিপরীতে অভিনয় করেন। তবে তিনি আলোচনায় আসেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘পত্রমিতালী’ নাটকে অভিনয় করে। আলভীর মেয়ে জন্ম হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। তিনি বিয়ে করেন ২০১২ সালের ১১ অক্টোবর। আলভী অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘গৃহদাহ’,’ দত্তা’, ‘দেনা-পাওনা’, ‘হালখাতা’, ‘পাত্রী চাই’, ‘অলসপুর’, ‘গুলশান এভিনিউ’, ‘তুই কে আমার’, ‘সহযাত্রাী’, ‘সোনার খাঁচা’ ইত্যাদি।