এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ও ব্যস্ততম সংগীতশিল্পীদের অন্যতম লিজা ভক্ত-শ্রোতাদের জন্য নতুন একটি গান প্রকাশ করেছেন। দেশ বরেণ্য সংগীত ব্যক্তিত্ব নকীব খানের সুরে ‘চাইনি এমন করে’ গানটি গত ৫ সেপ্টেম্বর লিজা তার ইউটিউব চ্যানেল ‘Liza’তে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছেন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি লিজার ‘পাগলী সুরাইয়া’ অ্যালবামের। গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘এ অ্যালবামের ‘চাইনি এমন করে’ গানটি আমার নিজেরই খুব পছন্দের। নকীব স্যারের সুরের গান এর আগে অনেক শিল্পী গেয়েছেন। তাদের গানে শ্রোতারা মুগ্ধ হয়েছেন। স্যারের সুরের মধ্যে কী যেন বিশেষ একটা কিছু আছে। যে কারণে তার সুরে সবসময় একটা মায়া পাওয়া যায়। আমারও এই গানটির প্রতি বিশেষ মায়া আছে। কথা ও সুর মিলিয়ে মন ছুঁয়ে যাওয়ার মতোই একটি গান হয়েছে। ফোয়াদ নাসের বাবু ভাইও চমত্কার সংগীতায়োজন করেছেন। আশা করি শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগবে।’ লিজা এখন সাধারণত নিজের নতুন নতুন গানগুলো নিজের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করেন। এর আগে সর্বশেষ তিনি তার চ্যানেলে ‘এক বৃষ্টিতে’ গানটি প্রকাশ করেন। গানটি লিখেছেন এবং সুর-সংগীত করেছেন অটমুনাল মুন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। এদিকে গত ২ সেপ্টেম্বর থেকে ভারতেও প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। প্রথমদিনের প্রচার উপলক্ষে বিটিভিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে অংশ নেন লিজা। এর মধ্যে স্টেজ শোর মৌসুম প্রায় শুরু হয়ে গেছে। আর তাই স্টেজ শো নিয়েও লিজা একটু একটু করে ব্যস্ত হয়ে উঠছেন। গত শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে বিটিভিতে ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন তিনি। উল্লেখ্য, লিজার ইউটিউব চ্যানেলে যেসব গান নিয়মিত শ্রোতা-দর্শক উপভোগ করতে পারবেন, সে গানগুলো হলো ‘প্রাণ জুড়ে’, ‘এক যমুনা’, ‘আসমানী’, ‘ভালোবাসি বলা হয়ে যাক’, ‘যাবি কত দূরে’, ‘বারোটি মাসে’, ‘পাগলী সুরাইয়া’ ইত্যাদি। ২০০৮ সালে ৮৬ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে লিজা ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই হিসেবে পেশাগত বিবেচনায় সংগীতজীবনে এক দশকেরও বেশি সময় পার করেছেন তিনি।