পেশাগত দায়িত্ব পালনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশি বাধা ও দুর্ব্যবহারের ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। গত শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) ও রাবি প্রেসক্লাব পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।
রাবিসাসের সভাপতি ছালেকীন আহমেদ এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সংবাদ সংগ্রহের সময় ঘটনাস্থলে উপস্থিত মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন। যা পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মর্মাহত করে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ ন্যাক্কারজনক। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া পুলিশ সদস্যদের উপস্থিতি খুবই উদ্বেগজনক। এছাড়া উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের অশোভনীয় আচরণ কাম্য নয়।’
অন্যদিকে রাবি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো বিবৃতিতে পুলিশের অশোভনীয় আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
আরও পড়ুনঃ গাংনীতে ইজিবাইক চালক মজনু নিহত
উল্লেখ্য, রাবিতে এক ভর্তিচ্ছুর একাডেমিক সনদ জিম্মি করে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে শনিবার (০৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২৩২ নম্বর কক্ষে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মরত সাংবাদিক। এ সময় সেখানে মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম ওই সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাদের সেখান থেকে জোরপূর্বক বের করে দেন।
ইত্তেফাক/নূহু