দেওল পরিবারের নতুন নায়ক

বলিউডে বংশানুক্রমিক ধারা বজায় রাখার একটি প্রবণতা অনেক দিন থেকেই বিদ্যমান। তারকা পিতা কিংবা মাতার হাত ধরে, তাদের পরিচিতিকে পুঁজি করে অনেক তারকাপুত্র-কন্যা বলিউডে নায়ক অথবা নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন, করছেন। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের প্রভাব বিস্তার চেষ্টা অব্যাহত রয়েছে বিশ্বের সব চলচ্চিত্র অঙ্গনেই। হিন্দি চলচ্চিত্রে ষাট দশক থেকে শুরু করে নব্বই দশক পর্যন্ত দুর্দান্ত দাপটে ‘হিম্যান হিরো’ হিসেবে কাজ করে গেছেন ধর্মেন্দ্র। নায়ক হিসেবে তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। একের পর এক হিট-সুপারহিট ছবি উপহার দিয়ে পর্দালোকে হয়ে উঠেছিলেন সুপারস্টার। তার হাত ধরে পরবর্তী সময়ে বলিউডে পা রাখেন দুই পুত্র সানি দেওল ও ববি দেওল। অভিনেতা হিসেবে ধর্মেন্দ্রের দুই পুত্রকে অসংখ্য ছবিতে দেখা গেছে। কিন্তু সুদীর্ঘ ক্যারিয়ারে সানি ও ববি কোনোভাবেই তাদের পিতার অর্জিত সাফল্যের ধারে কাছেও ভিড়তে পারেননি। এবার বংশানুক্রমিক ধারা বজায় রাখার অভিপ্রায়ে রুপালি পর্দায় নায়করূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেওল পরিবারের একজন। তিনি সানি দেওলের পুত্র করণ দেওল। নিজস্ব পারিবারিক ব্যানার সানি সাউন্ডস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় নির্মিত সানি দেওল পরিচালিত রোমান্টিক ড্রামা ধাঁচের সিনেমা ‘পাল পাল দিলকে পাস’-এর মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে করণের। ২৮ বছর বয়সী করণ এর আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তাদের পারিবারিক ব্যানারের ছবি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’-এ। সানি দেওল, পূজা দেওল দম্পতির সন্তান করণ দেওলের ডাক নাম রকি। অনেকদিন ধরেই তার সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশের কথা শোনা যাচ্ছিল। সাধারণত তারকাপুত্র-কন্যাদের নায়ক-নায়িকা হিসেবে অভিষেক হয় রোমান্টিক ধাঁচের সিনেমার মাধ্যমে। করণের বাবা সানি দেওলেরও হিন্দি সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে। রোমান্টিক ঘরানার ঐ ছবিতে সানি দেওলের নায়িকা ছিলেন অমৃতা সিং। দাদা ধর্মেন্দ্র অভিনীত ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাকমেইল’ ছবিতে কিশোর কুমারের গাওয়া গান ‘পাল পাল দিল কে পাস’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। জনপ্রিয় সেই গানের লাইন থেকে নামকরণ করা হয়েছে সানি দেওল পরিচালিত রোমান্টিক সিনেমাটির। এ সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে হিমাচল, মানালির বিভিন্ন দুর্গম পার্বত্য লোকেশনে। এর মধ্যে ছবিটির ট্রেলার, গান প্রকাশিত হয়েছে। যেখানে নতুন নায়ক করণ দেওলের পাশে নতুন নায়িকা সাহের বাম্বাকে দেখেছেন সবাই। তাদের দুজনের চমত্কার রসায়ন এর মধ্যে দর্শকদের উত্সাহী করে তুলেছে। ‘পাল পাল দিল কে পাস’ ছবিটিতে নাচে পারদর্শী তরুণী সাহের বাম্বা নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো। এ কারণে স্বাভাবিকভাবেই আপ্লুত তিনি। নায়িকা হিসেবে প্রথম অভিনীত ছবিতেই বাজিমাত করতে চান এই তরুণী। আন্তরিক হয়ে কাজ করেছেন সাহের। নায়ক করণ দেওলের সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছিল ‘পাল পাল দিল কে পাস’ ছবিতে কাজ করার সময়ে। তার ধারণা নতুন রোমান্টিক পর্দা জুটি হিসেবে সব বয়সী দর্শকের কাছে গ্রহণযোগ্য হবেন তারা প্রথম সিনেমাতেই। ওদিকে পারিবারিক ধারা বজায় রেখে সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করা করণ দেওল তার অভিষেক চলচ্চিত্রে দর্শকদের মন জয় করে নেওয়ার ব্যাপারে অনেকটাই আশাবাদী বলে জানিয়েছেন সম্প্রতি দেওয়া এক সাক্ষাত্কারে।