গান-কথামালায় শিল্পী অজিত রায়কে স্মরণ

গান আর কথামালায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অজিত রায়কে স্মরণ করল তাঁর হাতে গড়া সংগঠন অভ্যুদয় সংগীত অঙ্গন। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘আমার অহংকার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে তারা। পাশাপাশি শিল্পী অজিত রায় স্মৃতি পুরসড়ারও দেওয়া হয় চার নবীন শিল্পীকে।

অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়সী রায়। পরে অভ্যুদয়ের শিল্পীদের পরিবেশনা শুরু হয়। পরে অভ্যুদয়ের শিল্পীদের পরিবেশনা শুরু হয়। প্রিয়তমাসুসহ ছয়টি গান ছিল অজিত রায়ের সুরারোপিত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন ও চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের এটাচি মনোজ দত্ত পুরোকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি প্রদ্যোত্ মজুমদার। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ভারতীয় সহকারী দূতাবাস।

অতিথিরা বলেন, এ দেশের স্বাধীনতায় অজিত রায়দের মতো শিল্পীদের অবদান অনেক বেশি। তাদের কণ্ঠস্বর জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের কাছে আমরা ঋণী। বতর্মান প্রজন্মের কাছে তাদের পরিচয় করিয়ে দিতে হবে। তারা আরও বলেন, বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হলে গান কবিতার বিকল্প নেই। তাই শুদ্ধ সংগীতের চর্চার মাধ্যমে সংস্কৃতির বিকাশ করতে হবে। অজিত রায় স্মৃতি পুরস্কারের মধ্যে উত্তম মান পেয়েছে ৪ জন। তারা হলেন নবনিতা দাশ, পুজা সেন, স্বরাজ সাহা, ঋতু দত্ত।