অদম্য মহাপুরুষ

পাহাড়ের ওপারে ডিঙি নৌকা

এ পাশে কবিদের লেফট রাইট

ভীষণ ব্যস্ত নদী।

ছাপোষা কেউ জানে না সাঁতার

অগত্যা খরগোশেরাই আজ

অদম্য মহাপুরুষ!

 

আমাদের ছোট গাঙে ছিল না ইলিশ

কোনোকালে। তবু পালতোলা নায়ে

কিছু হেঁয়ালি বাতাস—

আমাদের করে দিত কবি।

এই তল্লাটে তখন ফুল আর পাখিরাই

জাগত রাত। শিশির ছিল রৌদ্র মিথুন।

 

ঐ তো ওখানেই নেমেছিল জোড়া বুনোহাঁস

তাহাদের যুগ্ম-শ্বাস! সে কী আলোড়ন

এতটুকু নদী তার ছোট পাড়, কী মনোহর!

আহা! এই তল্লাটে সেই একটি দিন—

একটি দিন ছিল বটে!

 

কীভাবে যে কেউ কেউ পেয়ে যায় পালকের খোঁজ!

কবিরাও বনে যায় লেঠেল সেপাই!

লেফট-রাইট, লেফট-রাইট!

অবিরাম! পাষণ্ড, বর্বর!

 

ওদিকে শেয়ালেরা গোছায় আখের

ব্যস্ত নদীর দু’ধারে অগোছালো বালুর মতন

ছাপোষারা জমেই শুধু—

অগত্যা খরগোশেরাই হয়ে ওঠে

অদম্য মহাপুরুষ!