মহিলা অঙ্গন প্রতিবেদক
যৌতুক নিরোধ আইন-২০১৮’র খসড়া মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। চলতি বছর মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে যৌতুক নিরোধ ব্যবস্থাটি অর্ডিন্যান্সের মাধ্যমে চলেছে। এখন এটি আইনে পরিণত হয়েছে। নতুন এই আইনের তিন নম্বর ধারায় বলা হয়েছে, কেউ যৌতুক দাবি করলে, তিনি পাঁচ বছরের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আগে অর্ডিন্যান্সে জরিমানার বিধান থাকলেও জরিমানার পরিমাণ নির্ধারিত ছিল না। এছাড়া নতুন আইনের চার নম্বর ধারায় বলা হয়েছে কেউ যৌতুক নিলে এবং দিলে উভয়েই দণ্ডিত হবেন। তারা সর্বোচ্চ পাঁচ বছরের জেল, সর্বনিম্ন এক বছরের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।
আইনটির পাঁচ নম্বর ধারায় বলা হয়েছে কেউ যদি যৌতুক সংক্রান্ত মিথ্যা মামলা দায়ের করেন, তারও সর্বোচ্চ পাঁচ বছরের জেল থেকে সর্বনিম্ন একবছরের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।