ক্ষতবিক্ষত জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ওভারের পর ৭ম ও ৮ম ওভারে জিম্বাবুয়ে শিবিরে হানা দিল টাইগাররা। মুস্তাফিজ, সাইফুদ্দিন আর মোসাদ্দেকের পর পর তিন আঘাতে ধীরে ধীরে ভেঙ্গে পড়ছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ।

ইনিংসের ৭ম ওভারে ক্রেইগ এরভিনকে মাত্র ১১ রানের মাথায় সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। ৬ ওভার ৩ বলের মাথায় মুস্তাফিজের বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। এর পরই ৮ম ওভারে  হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। ৭ ওভার ৫ বলে সাব্বিরের হাতে ক্যাচ তুলে দেন মাসাকাদজা।  ইনিংসের ৯ম ওভারের প্রথম বলে শন উইলিয়ামসের উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন।

এর আগে, ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে টেইলরকে মাত্র ৬ রানের মাথায় সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। টেইলর ফিরে গেলে তিন নম্বরে মাঠে আসেন ক্রেইগ এরভিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ৫৯ রান।

উল্লেখ্য, ভেজা মাঠ প্রস্তুত হওয়ার পর টস হয় সন্ধ্যা সাড়ে ৭টার পর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারণে ১৮ ওভারে নামে উদ্বোধনী ম্যাচটি। রাত ৮টার দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। শুরুতেই বল হাতে নিয়েছেন অধিনায়ক সাকিব। জিম্বাবুয়ের পক্ষে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন ব্র্যান্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা।

ইত্তেফাক/জেডএইচডি