ঝামেলার ইলিশ

 

  শচীন্দ্রনাথ গাইন

 

ছিচকাঁদুনে বউটা সেদিন সকাল বেলায় কাঁদে,

আমার সাড়া না পেয়ে সে হঠাত্ কোমর বাঁধে।

মূর্তিটা তার দেখে নিয়ে ভীষণ রকম ঘামি,

দৌড়াব না থাকব থেমে ভাবতে থাকি আমি।

 

ঝড়ের বেগে সামনে এসে মারতে থাকে ঝাড়ি,

দাঁতের ওপর দাঁত রেখে সে কাটতে থাকে মাড়ি।

থলে দিয়ে বলল, ‘তোমায় বেশ নিয়েছি চিনে,

বাজার ভরা ইলিশ শুনি, ক্যান আনো না কিনে?’

 

রাগ কমাতে ছুটতে থাকি প্যাকেট নিয়ে হাতে,

ইলিশ বোঝাই বাজার ঠিকই টাচ করি না তাতে।

আকাশ ছোঁয়া দামে মাথা বনবনিয়ে ঘোরে,

হাতড়ে পকেট পিছন ফিরি কই না কথা জোরে।

 

হাজার টাকার কেজি শুনে ব্যাগ রেখেছি খালি,

বাড়ি ফিরেও চুপ থেকে যাই, শুনতে থাকি গালি।

বউয়ের গরম বচন শুনে যায় না মোটেই নড়া,

কেমন করে বুঝাই তাকে ইলিশ বাজার চড়া?

চাঁচড়া, যশোর