সত্য গেছে মরে

 

  আলী এরশাদ

 

অফিস থেকে অতিশ বাবু বাড়ি ফিরে এসে

গিন্নিকে কয় দরজা লাগাও একটুখানি হেসে।

ব্যাপারখানা বুঝতে পেরে গিন্নি লাগায় দোর

এতদিনে হইছে জানা তার স্বামী ঘুষখোর।

ঘুষের টাকা যেদিন জোটে এমনি করে ডাকে

অন্যদিনের চেয়ে সেদিন জোয়ান লাগে তাকে।

প্রেমিক হূদয় সেদিন যেন উথলে ওঠে তার

বউকে বলে কিনে দেবো আবার নতুন হার।

চিংড়ি, ইলিশ, মাংস কিনে ফিরে যখন বাড়ি

সাথে করে নিয়ে আসে প্রিয় দৈয়ের হাড়ি।

খায়নি যে ঘুষ বুঝবে কীসে? কেমন মজা লাগে

হাজার খেলেও পেট ভরে না ক্ষুধা আরো জাগে।

 

টাকা গোনার ফাঁকে ফাঁকে তাকায় বউয়ের প্রতি

চোখের ভাষায় বুঝায় তারে আমিই সেরা পতি।

কচলিয়ে সে টাকাগুলোর দেখছিল দুই পিঠ

লোকটি আবার তার সাথে না, করল বুঝি চিট!

হঠাত্ দেখে টাকার মাঝে দুটি নকল নোট

হাদিয়া খোর হতাশ হয়ে উল্টাল তার ঠোঁট।

গিন্নিকে কয়, ‘বুঝলে সোনা, সত্য গেছে মরে

দুর্নীতিবাজ লোকে দেখো দেশটা গেছে ভরে!’