সাঈদ সাহেদুল ইসলাম
কয়লা
কয়লা এখন ময়লা তো নয়
কয়লাকে তাই খাওয়া যায়,
কেউ খেয়েছে খুঁজতে গেলে
হিসাব কি সব পাওয়া যায়!
কয়লা তুলে কয়লা না পাস
কয়লা কোথায় ঢালছে ভূত,
কয়লাগুলো কালচে বলেই
খাচ্ছে ওসব—কালচে ভূত?
ভূতের দেখা কেউ পাবি না;
জানিস কি তার কারণ কী?
বলছি দাঁড়া, ঠিক কথা সব
বলতে আবার বারণ কী...?
সরষেতে আজ ভূত থাকে যে
ভূত তাড়ানো যায় না তাই!
লাভ কী ওঝা ভূত তাড়াতে
ধরছে হাতে আয়না তাই...?
০০০
ইলিশ
বলল আবুল মিয়ার বিবি
‘ইস, কতদিন ইলিশ,
খাইনি!’ আবুল বলল ‘কেন
ওর কাঁটা তুই গিলিস?’
বিবির কথা ‘সেই ইলিশের
গন্ধ ও স্বাদ কত!’
আবুল মিয়া বিবির কথায়
এবার হলো নত।
বাজার গেল, দাম কমেনি
করবে আবুল কী যে
বিবির কথা রাখতে আবুল
চোখের জলে ভিজে...
কিনল পুঁটি, পুঁটিরই নাম
আবুল দিল ইলিশ,
কয় বিবিকে, ‘সমস্যা নাই
কাঁটাসহ গিলিস!’