নিউইয়র্ক ফ্যাশন উইকে দেশি ব্র্যান্ড কনা বাই ফারনাজ

 

যুক্তরাষ্ট্রে প্রতি বছর অনুষ্ঠিত হয় নিউইয়র্ক ফ্যাশন উইক। মিস ইউনিভার্স থেকে শুরু করে বিশ্বের নামীদামি সুপার মডেলরা এই মঞ্চে ক্যাটওয়াক করেন। নিউইয়র্ক ফ্যাশন উইকে ২০২০ সালের বসন্ত ও গ্রীষ্মকালীন পোশাকের প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন বিশ্বের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও মেকআপ আর্টিস্টরা।

বিশ্ববিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার ও মডেলদের মিলন মেলার উপলক্ষ নিউ ইয়র্ক ফ্যাশন উইক-২০২০। নিউইয়র্ক ফ্যাশন উইকে এবারই প্রথম বাংলাদেশি কোনো কসমেটিকস ব্র্যান্ড তাদের পণ্য উপস্থাপন করেছে।

ওমেন্স ওয়ার্ল্ডের কর্ণধার কনা আলম তার মেকআপ ব্র্যান্ড কনা বাই ফারনাজ আলম নিয়ে হাজির হয়েছিলেন বিশ্ববিখ্যাত এই আয়োজনে। এবারের ফ্যাশন শোতে কনার মডেল ছিলেন মিস ইউনিভার্স ডেমি লেই নেল পিটার্স। তিনিসহ বাংলাদেশি পণ্যে সেজে স্টেজ মাতিয়েছেন ৫৩ জন মডেল। কনা আলম বলেন, ‘ম্যাক, ল’রিয়েল, ক্লিনিকের পাশাপাশি বিশ্ব-দরবারে আমাদের দেশি পণ্য নিয়ে আসতে পেরে সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক ফেমাস মেকআপ আর্টিস্টরা এই মেকআপ ব্যবহার করেছেন মডেলদের ওপর। সবার কাছেই এটা একটা বিস্ময় ছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, ওমেন্স ওর্য়াল্ড সবসময় এমনভাবে আন্তর্জাতিকমানের সেবা দিয়ে দেশের ও বিশ্বের সৌন্দর্যপ্রিয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।’ উল্লেখ্য, এবারের জমজমাট এই ফ্যাশন উইকের সমাপ্তি ঘটেছে গত ১১ সেপ্টেম্বর।