মো. জাহানুর ইসলাম
সম্প্রতি আমরা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জাকারিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সাজিদসহ বেশ কয়েক জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করি। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের মূল ফটক ডেইরি গেটে নেমে পড়ি। সেখানে আগে থেকে অপেক্ষারত জাবি শাখার সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক আবির মাহমুদ খবির, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, দপ্তর সম্পাদক মিতা কলমদার আমাদের স্বাগত জানান। সেই সময় আমাদের সঙ্গে যোগ দেন বিটিসিএলএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুন আরা শামীমা।
গেট দিয়ে ভেতরে ঢুকতে না ঢুকতেই আশ্চর্যের শুরু। শুরুতেই বিশাল এক খেলার মাঠ। মাঠটির চারদিকের ছায়া সুশীতল মায়াবী গাছ গাছালির বেষ্টনি আমাদের মুগ্ধ করে। আমরা শহিদ মিনারের একটু দূরে ছবি চত্বরে গিয়ে বসে পড়ি। জাবি শাখার জাকারিয়া হাবিব, সাগর হোসেন ও তরুণ কলামিস্ট মাহমুদুর রহমান মানিক আমাদের সঙ্গে যোগ দেন। সবুজ বনভূমির মাঝে লাল ইটের তৈরি ইমারতে সুসজ্জিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য সহজেই আমাদের দৃষ্টি কেড়ে নেয়। মনে পড়ে গ্রামবাংলার প্রাকৃতিক দৃশ্য, যা আমাদের হূদয়কে নাড়া দেয়। ঢাকার বুকে এত সুন্দর একটি জায়গা থাকতে পারে ভাবতে ভাবতে নিজেরাই অবাক হয়ে যাই। সত্যি বলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এসব নৈসর্গিক সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝানো কঠিন। যা শুধু দেখলেই উপভোগ করা যায়।